২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ-সাউথে চলছে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক হ্যাকাথন

বিদ্যুৎ ও জ্বালানি খাতে তরুণদের উদ্ভাবন প্রতিভা অন্বেষনে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন-২০১৮।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2018, 06:54 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী ৩৬ ঘণ্টার এই উদ্ভাবন চ্যালেঞ্জে অংশ নিয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এই প্রতিযোগিতা হচ্ছে।

বৃহস্পতিবার এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনলজির বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক জয়াশ্রী রায়, বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, নর্থ সাউথ ইউনিভার্সিটির দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য গিয়াস ইউ আহসান।

মূল প্রবন্ধ উপস্থাপন করে জয়াশ্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলা এবং জ্বালানি সমস্যার সমাধানে বর্তমান প্রযুক্তির সঠিক ব্যবহারেই অর্ধেক সমস্যা মোকাবেলা সম্ভব। সময়ের প্রয়োজনে বিদ্যমান প্রযুক্তিগুলো উন্নত করা প্রয়োজন।

এসডিজি বাস্তবায়নের জন্য হাতে থাকা আগামী ১০ বছরকে বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে উল্লেখ করেন এই অধ্যাপক।

বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস বলেন, হ্যাকাথনে শিক্ষার্থীরা নির্ঘুম ও অক্লান্তভাবে টানা ৩৬ ঘণ্টা কাজ করবে। ভবিষ্যতে জ্বালানি ও বিদ্যুতের চাহিদা পুরণে এধরনের উদ্যমী কাজই প্রয়োজন।

গৃহস্থালিতে জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করা, মেরিন এনার্জি কার্যকর করা, শিল্প ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি শক্তির সংকট, বায়োমাস গ্যাস স্টোভ প্রতিস্থাপন, স্মার্ট গ্রিট টেকনোলজি বাস্তবায়ন, গ্রিন ও রিনিউয়েবল এনার্জি বাস্তবায়ন ও এধরনের বিষয় নিয়ে উদ্ভাবনী প্রকল্পে অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হ্যাকাথনে বিচারকদের একের পর এক দেওয়া চ্যালেঞ্জগুলোর সমাধানে কাজ করে যাচ্ছেন তারা।