অভিভাবকরা তরুণদের অযৌক্তিক সমালোচনা করেন: সংস্কৃতিমন্ত্রী
তরুণদের সংস্কৃতিমনা করে গড়ে তুলতে সমালোচনা না করে তাদের সমস্যা নিয়ে গভীরভাবে ভাবার পক্ষে মত দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার রাওয়া ক্লাবে আয়োজিত ‘বি দ্য চেঞ্জ: রিডিফাইনিং দ্য স্টেরিওটাইপস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার ধরণ বদলের পাশাপাশি সমাজ ও মানুষের সঙ্গে তরুণদের যোগাযোগ স্থাপনের কাজটি করতে গেলে সবার আগে তাদের সংস্কৃতিমনা করে গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, অভিভাবকরা অযৌক্তিকভাবে তরুণদের সমালোচনা করে থাকেন।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) আয়োজিত সেমিনারে নূর বলেন, “আমরা তরুণদের সমালোচনা করছি; বলছি তারা মাদকে জড়িয়ে পড়েছে, তারা অপসংস্কৃতির চর্চা করছে। কিন্তু তাদের সমস্যা নিয়ে কি কখনো আমরা বিশ্লেষণ করেছি? তারা যে বিচ্ছিন্ন দ্বীপের মতো বড় হচ্ছে… আমরা কি সেই খবর রাখছি? তারা কেন ফেইসবুক আর মোবাইল নিয়ে থাকে?”
অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, “অভিভাবকরা কী করছি? টিভি, ফোন আর অ্যাম্বিশন নিয়ে ব্যস্ত থাকছি। ছেলেমেয়েদের জন্য সময় দিচ্ছি না। ওদের কী কী বদ অভ্যাস, সেসব নিয়ে খালি সমালোচনাই করে যাচ্ছি।”
“শ্রীলঙ্কাতে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের গান, কবিতা শেখা বাধ্যতামূলক। কিন্তু আমরা তা করতে পারিনি। আর পারিনি বলেই অন্ধকারের অপশক্তি এখন নাগরিকদের মননে অন্ধকার ঢুকিয়ে দিচ্ছে।”
পরে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, “নিষ্ঠা ও সততা থাকলে যেকোনো পেশায় থেকে নিজেকে সমৃদ্ধ করা যায়, কাজ করা যায় দেশের জন্যও।”
সেমিনারে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অ্যাকশন এইডের প্রোগ্রাম অফিসার নুরুন নাহার বেগম, কৌতুক অভিনেতা নাভিদ মাহবুব, ভিজ্যুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালিব প্রিমা, বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন, চলচ্চিত্র পরিচালক খিজির হায়াৎ খান।
সেমিনারে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যোগ দেন পাঁচ শতাধিক তরুণ।
সমাজ বদলের স্বপ্ন দেখা ১৮ থেকে ৪০ বছর বয়সীদের নানা ভাবনা, উদ্যোগকে সম্মিলিত করতে ১৯১৫ সালের ১৩ অক্টোবর হেনরি গিসেনবিয়ার এই জেসিআই প্ল্যাটফর্মের সূচনা করেন।
১৯৭২ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে জেসিআই। আট শতাধিক সদস্য নিয়ে এখন ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে এর ১৪টি লোকাল চ্যাপ্টার রয়েছে।
