২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল নিরাপত্তা আইন: আরও সময় চাইবে সংসদীয় কমিটি

আলোচিত ডিজিটাল নিরাপত্তার আইনের প্রতিবেদন চূড়ান্ত করতে আরও সময় চাইবে সংসদীয় কমিটি।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2018, 01:35 AM

Updated : 19 Aug 2022, 02:33 PM

তবে সংসদের শুরু হতে যাওয়া অধিবেশনেই খসড়া আইনটির ওপর প্রতিবেদন জমা দেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি ইমরান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিলের রিপোর্টের খসড়া মোটামুটি চূড়ান্ত। কমিটির বৈঠকে এটিকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে। এজন্য আমরা একটু সময় নেব।”

আগামী ১১ সেপ্টেম্বর সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে জানিয়ে ইমরান আরও বলেন, “এই অধিবেশনেই আমরা বিলটির রিপোর্ট প্লেস করতে পারবো।”

আগামী ৯ সেপ্টেম্বর বসছে সংসদের ২২তম অধিবেশন। সংসদীয় কমিটি খসড়া আইনটির ওপর তাদের প্রতিবেদন দেওয়ার পর যেকোন দিন বিলটি পাসের প্রস্তাব সংসদে উঠবে।

গত ২৯ জানুয়ারি ‘ডিজিটাল নিরাপত্তা আইনের  খসড়া মন্ত্রিসভা অনুমোদনের পর থেকে এর সমালোচনা হচ্ছে। ৯ এপ্রিল বিলটি সংসদে তোলার পর তা এক মাসের মধ্যে পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। পরে কমিটি সংসদের কাছ থেকে আরও দুই মাস সময় নেয়।

বিলটি নিয়ে সংসদীয় কমিটি গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দুই দফা বৈঠক করে। ওই বৈঠকে আইনে আরও কিছু ধারা সংশোধনীর সিদ্ধান্ত আসে। সবগুলো সংশোধনী এখন একত্রিত করে কমিটি বিলের প্রতিবেদন চূড়ান্ত করেছে।

তারা জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত অবমাননাকে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তার আইনে অপরাধ হিসেবে যুক্ত করার সুপারিশ করতে যাচ্ছে। এই অপরাধের শাস্তি হবে কোটি টাকা জরিমানা ও ১৪ বছরের কারাদণ্ড।

এই নতুন বিধান যুক্তসহ আরও কিছু সংশোধনী এনে ডিজিটাল নিরাপত্তা আইনের রিপোর্ট চূড়ান্ত করে এনেছে সংসদীয় কমিটি।

গত ২২ মে সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত হয়ে প্রস্তাবিত আইনের আটটি ধারা নিয়ে নিজেদের আপত্তি তুলে ধরেছিল সম্পাদক পরিষদ। ওই বৈঠকে অ্যাটকো, বিএফইউজেও নিজেদের আপত্তির কথা তুলে ধরে। পরে গত ৪ জুলাই এসব সংগঠনের সাথে আবারও বৈঠক করে সংসদীয় কমিটি। এর পরিপ্রেক্ষিতে কিছু পরিবর্তন আনার প্রস্তাব করা হয়।

সাংবাদিকরা প্রস্তাবিত আইনটির ৩২ ধারায় সমালোচনা করে বলছেন, এই আইনের ফলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ হবে।

প্রস্তাবিত আইনের ২১ ধারায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে। এর সংজ্ঞায়, সংবিধানের প্রস্তাবনায় যে ব্যাখ্যা দেওয়া আছে, তা প্রযোজ্য হবে।

গত ৪ জুলাই বৈঠকের পর কমিটির সভাপতি জানান, ২৫ নম্বর ধারার ‘খ’ উপধারা (এমন কোনো তথ্য সম্প্রচার বা প্রকাশ করা, যা কোনো ব্যক্তিকে নীতিভ্রষ্ট বা অসৎ করতে পারে) বাতিল এবং সব মিলে দুটি উপধারা করা, ২১ ধারায় সাজা যাবজ্জীবনের ক্ষেত্রে ১৪ বছর করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া কিছু ক্ষেত্রে সাজা ও জরিমানার পরিমাণ কমানো এবং কিছু শব্দগত পরিবর্তন আনার প্রস্তাব করা হচ্ছে বলে সংসদীয় কমিটির সভাপতি জানান।

সংসদে উত্থাপিত বিলের ২১ ধারায় মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা বা জাতির পিতার বিরুদ্ধে কোণ ধরনের প্রপাগান্ডা প্রতরণার দণ্ডের বিধান রয়েছে। এর সঙ্গে কমিটি জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতও সন্নিবেশ করছে। বিলে এই অপরাধে কোটি টাকা জরিমানা ও ১৪ বছরের জেলের বিধানের প্রস্তাব রয়েছে।

এছাড়া সংসদীয় কমিটি বিলের একজন মহাপরিচালকের নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করার কথা বলা হয়েছে। সেখানে নতুন করে দুইজন পরিচালক যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ১২ ধারায় ১১ সদস্য বিশিষ্ট ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল গঠনের যে বিধান রয়েছে সেখানে বিএফইউজের একজন প্রতিনিধি যুক্ত করার কথা বলা হয়েছে। আর মামলা নিষ্পত্তি ১৮০ দিনের স্থলে ১৮০ কার্যদিবস ও ওই সময় নিষ্পিত্তি না হলে নতু করে ৯০ দিনের যে বিধান রয়েছে সেটাকে ৯০ কার্যদিবস করার কথা বলা হয়েছে।