সেই শেখের ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদক
চার বছর আগে ঢাকার পল্টনের একটি ফ্ল্যাট থেকে পাঁচ বস্তা দেশি-বিদেশি মুদ্রা ও সোনাসহ গ্রেপ্তার শেখ মোহাম্মদ আলীর বিরুদ্ধে প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার কমিশন থেকে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
২০১৪ সালের ২৫ ডিসেম্বর পুরানা পল্টনের ২৯/১ নম্বর বাড়ির সাত তলায় মোহাম্মদ আলীর বাসায় অভিযান চালিয়ে মোট ৮ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা সমপরিমাণ পাঁচ বস্তা দেশি-বিদেশি মুদ্রা এবং ৩০ কোটি টাকা মূল্যের দেড় মণ সোনা জব্দ করেছিল শুল্ক বিভাগ ও পুলিশের গোয়েন্দারা। উদ্ধারের সময় মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছিল।
এ ঘটনায় ২০১৭ সালের ১৩ নভেম্বর রমনা মডেল (ডিএমপি) থানায় দুদকে উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলার তদন্ত প্রতিবেদন বলা হয়, ২০১৬ সালের ১২ জুলাই আসামি শেখ মোহাম্মদ আলী ওরফে এস কে মোহাম্মদ আলীর নামে সম্পদ বিবরণী নোটিস দেওয়া হয়।
এরপর দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোহাম্মদ আলী স্থাবর এবং অস্থাবরসহ ৩০ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৬২৩ টাকার সম্পদের হিসাব দেন।
কিন্তু দুদকের তদন্তে তার গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত ৪০ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৩৭৫ টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়।
এসব সম্পদের মধ্যে রাজউকের পূর্বাচল প্রকল্পে ৩০ লাখ টাকার ১০ কাঠা জমি, সিলেট শহরে ৯৫ লাখ ১১ হাজার ৩৭৫ টাকা মূল্যের ছয়তলা বাড়ি, ৬১ দশমিক ৫৩৮ কেজি স্বর্ণ, যার মূল্য ৩০ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকা, সৌদি রিয়াল তিন কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা ও দেশি মুদ্রায় পাঁচ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদসহ মোট ৭১ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৯৯৮ টাকার সম্পদ পায় দুদক।
এসব সম্পদের মধ্যে ৪০ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৩৭৫ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত, যা তার অবৈধ সম্পদ বলে দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়।
