২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের মালামাল আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

দেশে স্বজনের কাছে পৌঁছে দিতে প্রবাসীদের দেওয়া মালামাল আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 10:23 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

মোঃ নাছির উদ্দিন ওরফে পারভেজ (৩২) নামের ওই যুবককে মঙ্গলবার দুপুরে রাজধানীর তুরাগ থানা এলাকার কামাড়পাড়া নিশাতনগরের শ্বশুড়বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারভেজ অত্যন্ত ধূর্ত প্রকৃতির। সে একটি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিক হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিল ১৫ বছর আগে।

প্রবাসীদের মালামাল আত্মসাৎ করা নেশায় পরিণত হওয়ায় সে সুযোগ পেলেই বাংলাদেশে চলে আসে উল্লেখ করে আজাদ বলেন, “এজন্য সে পাসপোর্টে ঠিকানা পরিবর্তন ছাড়াও চেহারার পরিবর্তনও ঘটাত। কখনো দাড়ি, গোঁফ রাখত, কখনো ছেঁটে ফেলত। চুল ছোট রাখত, আবার কখনো তার মাথা ভর্তি চুল থাকত।”  

পারভেজের কয়েকটি পাসপোর্ট রয়েছে জানিয়ে তিনি বলেন, এমআরপি পাসপোর্টে তার টাঙ্গাইলের বৈধ ঠিকানা ছিল। এই পাসপোর্টেই সে বাংলাদেশ আসত। আসার সময় সিঙ্গাপুরের কোনো কোনো প্রবাসী তার কাছে মূলবান সামগ্রী দিয়ে বাংলাদেশে স্বজনের কাছে পৌঁছে দিতে বলত।

“নিয়মিত পৌঁছে দিলেও মাঝে মাঝে এসব সামগ্রী আত্মসাৎ করে স্বজনের কাছে মিথ্যা কথা বলত পারভেজ।

“এক সময়ে আত্মসাৎ তার নেশায় পরিণত হলে পাবনার সাঁথিয়া উপজেলার একটি ভুয়া ঠিকানা দিয়ে নতুন পাসপোর্ট বানায়। গত কয়েক বছর ধরে এই পাসপোর্টই সে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসা-যাওয়ায় ব্যবহার করত এবং যারা তাকে মূল্যবান সামগ্রী দিত তাদেরকে সে ভুয়া পাসপোর্টের ফটোকপি দিয়ে রাখত, যেন সহজে তার খোঁজ পাওয়া না যায়।”

মুন্সিগঞ্জের পূর্ব শিলমান্দি এলাকার সাগর নামের এক ব্যাক্তির অভিযোগের তদন্ত করতে গিয়ে পিবিআই পারভেজের সন্ধান পায়। পারভেজের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল থানা এলাকার দেওপাড়ার শিব পাড়ায়।

সাগর পিবিআইকে বলেছে, তার ভগ্নিপতি মো. নাছির সিঙ্গাপুরে ভবন নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিক।

পিবিআই কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, “নাছির এবং পারভেজ সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হলেও তারা ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। তাদের পরিচয় ছিল।  নাছির জানতে পারে পারভেজ ২৯ অগাস্ট বাংলাদেশে আসবে। এজন্য সেদিন নাছির সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে গিয়ে চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, দু’টি আইফোন দিয়ে বাংলাদেশে শ্যালক সাগরের হাতে পৌঁছে দিতে বলে। এজন্য পারভেজকে ৯ হাজার টাকাও দেয় নাছির। 

“বাংলাদেশে পৌঁছে শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে সাগরের হাতে একটি কাগজের প্যাকেট দিয়ে দ্রুত চলে যায় পারভেজ। পরে সাগর প্যাকেট খুলে দেখে তার  ভগ্নিপতি যেসব জিনিসের কথা বলেছে তার সঙ্গে সেগুলোর কোনো মিল নেই।”

পিবিআই কর্মকর্তা আজাদ বলেন, এরপরই নাছিরের কাছ থেকে পারভেজের পাসপোর্টের দেওয়া পাবনার ঠিকানায় সাগর খোঁজ নিয়ে জানতে পারে সেটি ভুয়া ঠিকানা। পরে সাগর কৌশলে পারভেজের বাবার ফোন নম্বর সংগ্রহ করে জানতে পারে তার আসল ঠিকানা টাঙ্গাইলে।”

এরপরই সাগরের কাছ থেকে অভিযোগ পেয়ে পারভেজকে গ্রেপ্তার করা হয়।

প্রতারক পারভেজ প্রবাসীদের স্বর্ণালংকারগুলো বিমানবন্দরেই বদলে আগে থেকে তার কাছে থাকা ইমিটেশনের অলঙ্কার দিয়ে বদলে তা প্রবাসীদের স্বজনকে দিতেন বলে জানান আবুল কালাম আজাদ।