২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে চিরনিদ্রায় সাংবাদিক মামুন

জন্মদিনের আগের রাতে মারা গেলেন বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মামুনুর রশিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2018, 01:17 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী কার্যালয় বিটের তরুণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাতে তার মৃত্যুর পর সেখানে ছুটে যান বিভিন্ন প্রতিষ্ঠানে তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এরপর রাতে তার মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়।

সকাল ১১টায় কর্মস্থল একুশে টেলিভিশন প্রাঙ্গণে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এসময় তার সহকর্মীসহ অন্যরা তার কফিনে ফুল দিয়ে শেষ বিদায় জানান।

এরপর বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মামুনের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

সেখান থেকে তার মরদেহ নড়াইলে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় জানাযা শেষে দাফন করা হবে তরুণ এই সংবাদকর্মীকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৩-০৪ সেশনের শিক্ষার্থী মামুন একুশে টেলিভিশনের আগে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনেও প্রধানমন্ত্রী বিটের প্রতিবেদক ছিলেন।

শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।