২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সু চি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় না: ঢাবি উপাচার্য

মিয়ানমার যে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় না তা দেশটির নেত্রী অং সান সু চির সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2018, 12:30 AM

Updated : 19 Aug 2022, 02:32 PM

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে ক্রিমিনোলজি বিভাগের আয়োজনে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয়ভাবে যে গণহত্যা চলেছে, সেখানকার নোবেলজয়ী রাজনীতিবিদ অং সান সু চি সেটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন, যা অত্যন্ত দুঃখজনক।

সম্প্রতি সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন তাড়াতাড়ি হচ্ছে না কারণ বাংলাদেশ তাদের তাড়াতাড়ি ফেরত পাঠাচ্ছে না।

উপাচার্য বলেন, “কোনো সন্দেহ নেই এখানে রাজনীতিটা হলো মিয়ানমার সরকার স্থায়ী প্রত্যাবাসন ও মসৃণ প্রত্যাবাসন প্রক্রিয়া চায় না, যেটা এখন একান্ত প্রয়োজনীয়।”

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর অব্যাহত চাপপ্রয়োগের আহ্বান জানান তিনি।

‘রোহিঙ্গা: রাজনীতি, জাতিগত নিধন এবং অনিশ্চয়তা’ শীর্ষক এই সেমিনারে ২১টি সেশনে ৭২টি প্রবন্ধ উপস্থাপিত হবে। যার মধ্যে প্রথম দিনে ৩৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নেপাল ও ব্রুনেই থেকে আগত অর্ধশত গবেষক, শিক্ষক, আইনজীবী ও শিক্ষার্থী এসব প্রবন্ধ উপস্থাপন করেন।

ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম ও হংকং বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কেলি লপার।

এতে ‘বাংলাদেশের রোহিঙ্গা সংকট: স্বাস্থ্য ও পরিবেশ ইস্যু’ শীর্ষক অধিবেশন পরিচালনা করেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, দুই বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা সই হলেও তার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বাংলাদেশসহ পুরো বিশ্ব এই সমঝোতার বাস্তবায়ন চায়।

অধ্যাপক সাদেকা হালিম বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বিভিন্ন আঞ্চলিক শক্তির পাশাপাশি আন্তর্জাতিক মহলকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।

অধ্যাপক জিয়া রহমান বলেন, রোহিঙ্গারা স্থায়ীভাবে থেকে গেলে মানবপাচার, পতিতাবৃত্তি, সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তাছাড়া বাংলাদেশে জনসংখ্যার যে চাপ তার মধ্যে ১০ লাখ রোহিঙ্গা আমাদের ওপর নানা আর্থ-সামাজিক সমস্যা সৃষ্টির কারণ হতে পারে। তাই তাদের মিয়ানমারে ফিরে যেতেই হবে।