পুরান ঢাকায় ছুরিতে ব্যবসায়ী আহত
রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
শুক্রবার রাতে সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় হৃদয় (২৮) নামের ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, হৃদয়কে তার বাবা সালাম রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
“তার হাতে ও পেটে ছুরির আঘাত রয়েছে।”
সালামের বরাত দিয়ে এসআই বাচ্চু জানান, রাত ৮টার দিকে বকশীবাজারের ক্যামব্রিয়ান স্কুলের সামনে পাঁচ ছয়জন হৃদয়কে ছুরিকাঘাত করে।
“মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হৃদয়কে ছুরি মারা হয়েছে বলে তার বাবা জানিয়েছেন।”
হৃদয় চকবাজারের প্লাস্টিকের ব্যবসা করে। তার বাসা হরনাথ ঘোষ লেনে।
