ইসিতে দ্বিমত হতেই পারে: তোফায়েল
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে আইন সংস্কারের উদ্যোগে একজন নির্বাচন কমিশনারের ভিন্নমত পোষণ করাকে স্বাভাবিকভাবেই দেখছেন প্রবীণ রাজনীতিক, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ইসির বৈঠক বর্জন নিয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচন কমিশনে কখনও কখনও তারা (নির্বাচন কমিশনার) একসাথে বসেন, দ্বিমত হতেই পারে। এটাই যে শেষ তা নয়, এটা (নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি) নির্বাচন কমিশনের ব্যাপার।”
বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক জেমস গোলসেনের সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল।
একাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরুর দুই মাস আগে বৃহস্পতিবার আরপিও সংশোধন নিয়ে কমিশন সভা শুরুর আধা ঘণ্টার মাথায় মাহবুব তালুকদার সভা বর্জন করে বেরিয়ে এসে কর্মচারীর মাধ্যমে ‘নোট অব ডিসেন্ট’ পাঠান।
তিনি বলেছেন, ইভিএম ব্যবহারের বিষয়ে কমিশনের সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন।
তবে তার অনুপস্থিতিতে পাঁচ সদস্যের ইসি সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে গণপ্রতিনিধিতআব আদেশ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।
ইসি গঠনের সময় মাহবুব তালুকদারের নাম যে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল, সেটা সাংবাদিকদের স্মরণ করিয়ে দেন তোফায়েল।
তবে তিনি বলেন, “কে বিএনপি, কে আওয়ামী লীগ, সেটা মনে করি না, সবাই নিরপেক্ষ। সেই হিসেবে তারা দক্ষতার উপর ভিত্তি করে নিযুক্ত হয়েছেন।”
নির্বাচনের আগে নানা ষড়যন্ত্র হওয়ার আভাস দিয়ে তোফায়েল বলেন, “নির্বাচনের আগে অনেক কিছু হওয়ার চেষ্টা করা হবে, কিন্তু কোনোটাই সফল হবে না, ব্যর্থতায় পর্যবসিত হবে।”
বিভিন্ন মহলে বিতর্কের মধ্যে ভোটে ইভিএম কেন ব্যবহার করতে হবে- সেই প্রশ্নে তোফায়েল বলেন, “এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এটা পৃথিবীর সব দেশে আছে। ১০০ আসনে ইভিএমে ভোট হবে বলে নির্বাচন কমিশন বলেছে, এটা তাদের এখতিয়ার।”
এর আগে স্থানীয় সকারের বিভিন্ন নির্বাচনে কিছু কেন্দ্রে ইভিএমে ভোট হলেও সেখানে আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের প্রার্থীর বেশি ভোট পাওয়ার নজির থাকার বিষয়টি মনে করিয়ে দেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি ভালো জিনিসকে বিতর্কিত করতে চায়, ভালো কাজ করলে বিরোধিতা করতে চায়।
নির্বাচনের পর হেরে যাওয়া দল কারচুপির অভিযোগ করে থাকে বলে স্বীকার করেন তোফায়েল।
“৯৬-তে আওয়ামী লীগ জেতার পরে বিএনপি বলেনি যে নির্বাচনে কারচুপি হয়েছে? আবার ৯১-তে বিএনপি জেতার পরে আমরা বলিনি যে নির্বাচনে কারচুপি হয়েছে? ২০০১ এ আমরা যখন হেরেছি তো আমরা বলিনি নির্বাচনে কারচুপি হয়েছে? ২০০৮ এ তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন হল- তখনও বলেছে নির্বাচন নিরপেক্ষ হয়নি, আগামীতে এ রকম বলবে, অসুবিধা কী?”
কামাল হোসেনের গণফোরামকে সঙ্গে নিয়ে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের উদ্যোগে আওয়ামী লীগের কোনো বিরোধিতা নেই বলে জানিয়েছেন তোফায়েল।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “জোট যদি হয়, তারা যদি বিএনপির সঙ্গে সমঝোতা করে ইস্যুভিত্তিক আন্দোলন সংগ্রাম করে, ঐক্যের ব্যাপারে আমাদের কোনো বিরোধিতা নেই।
“গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে বিভিন্ন দল ঐক্য করতেই পারে, কিন্তু নির্বাচন বানচালের যদি কেউ ষড়যন্ত্র করে সরকার নীরব হয়ে থাকবে না, আইন প্রয়োগকারী সংস্থা নীরব ভূমিকা পালন করবে না।”
গত জাতীয় নির্বাচনে আগে সারা দেশে যেভাবে জ্বালাও-পোড়াও হয়েছিল এবার কোনোভাবেই সেই সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল।
“জ্বালাও-পোড়াও অগ্নিসংযোগ করার মত সুযোগ কোনো মতেই দেওয়া হবে না, দৃঢ়তার সঙ্গে, দক্ষতার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে।”
রিলেটেড
