রাজধানীতে কষ্টি পাথরের দুর্লভ প্রাচীন মূর্তি উদ্ধার
রাজধানীর ভাটারা থানার নর্দ্দা এলাকা থেকে বেশ কিছু প্রাচীন মূর্তি ও ধাতব মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, মূর্তিগুলো অবৈধভাবে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার বশির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন নর্দ্দা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার এবং ১০টি মূর্তিসহ বেশ কিছু প্রাচীন সামগ্রী উদ্ধার করা হয়।”
সোমবার রাতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে (৩৬) গ্রেপ্তারের পর একদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান বশির উদ্দিন।
মনিরুলের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করা হয়েছে।
তবে মনিরুল শুধু কেয়ারটেকার, তার বড়ভাই তহিদুল ইসলাম লিটন এই চক্রের মূল হোতা জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, “লিটনকে গ্রেপ্তার করা গেলে সব তথ্য পাওয়া যাবে।”
অভিযানে উদ্ধার করা ১০টি মূর্তির মধ্যে পাঁচটি কষ্টি পাথরের এবং দুইটি বেলে পাথরের মূর্তি রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এছাড়া তামা ও ব্রোঞ্জ মেশানো মূর্তিও রয়েছে তিনটি।
এছাড়াও ১৮টি বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা, একটি প্রাচীন তাম্রলিপি, একটি রাশিচক্র এবং কয়েকটি বিভিন্ন প্রকারের অতি প্রাচীন স্মারক রযেছে উদ্ধারের তালিকায়।
সহকারী কমিশনার বশির বলেন, ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধাপক ড. সুফি মুস্তাফিজুর রহমান এবং প্রত্নতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান ঐতিহ্য অন্বেষণের উপ-পরিচালক শারমিন রেজওয়ানার নেতৃত্বে একটি টিম গোয়েন্দা কার্যালয়ে এসে উদ্ধারকৃত সামগ্রীগুলো দেখেছেন।
“তারা নিশ্চিত করেছেন এসব কষ্টি ও বেলে পাথরের এবং প্রতিটি সামগ্রী মূল্যবান। এর মধ্যে কিছু কিছু নিদর্শন অত্যন্ত দুর্লভ বলেও তারা জানিয়েছেন।”
