২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মাননা ক্রেস্ট তৈরির ঠিকাদার পেল না সরকার

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের জন্য সোনার সম্মাননা ক্রেস্ট তৈরির কাজ দিতে সরকার চারবার দরপত্র ডাকলেও কোনো ঠিকাদার প্রতিষ্ঠান তাতে আগ্রহ দেখায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2018, 06:51 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

এ কারণে ওই ক্রেস্ট সরাসরি ক্রয় পদ্ধতিতে, অর্থাৎ দরপত্র ছাড়াই কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারের একটি মন্ত্রিসভা কমিটি।

বিদেশি বন্ধুদের জন্য তৈরি করা সম্মাননা ক্রেস্টে এর আগে ভেজাল ধরা পড়ার বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এবারের দরপত্রে তার প্রভাব পড়েছে বলেই মনে করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাদের পরিবারকে সম্মাননা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তার অংশ হিসেবেই ক্রেস্ট বানানোর দরপত্র ডাকা হয়েছিল।

কিন্তু তাতে সাড়া না পেয়ে বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রেস্ট সংগ্রহের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ক্রেস্ট তৈরির জন্য পর পর চারবার টেন্ডার দিয়েছে। কিন্তু রেসপন্স না পাওয়ায় বাধ্য হয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে যাচ্ছে।”

এখন মন্ত্রণালয় নিজেদের উদ্যোগে একটি প্রতিষ্ঠান ঠিক করবে, যাদের কাছ থেকে সরাসরি ক্রেস্ট কেনা হবে। ওই কোম্পানিকে কাজটি দেওয়ার আগে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সশস্ত্র বাহিনীর এক হাজার ৬৬১ জন সদস্যের পরিবারকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

সরকার মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত সাত ধাপে প্রায় আড়াইশ বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রদান-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, প্রতিটি ক্রেস্টে এক ভরি স্বর্ণ ও ৩০ ভরি রুপা থাকার কথা থাকলেও বিএসটিআইয়ের পরীক্ষায় ক্রেস্টে এক ভরির জায়গায় সোয়া তিন আনা স্বর্ণ পাওয়া যায়। আর রুপার বদলে পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। জালিয়াতিতে জড়িতদের শাস্তির দাবি তোলে সেক্টর কমান্ডারস ফোরাম।

এরপর ঢাকার বিভাগীয় কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়। সংসদ অধিবেশনেও বিষয়টি আলোচনা হয়।

এক আইনজীবীর নোটিসের জবাবে মন্ত্রণালয় পরে জানায়, বিদেশি বন্ধুদের নতুন ক্রেস্ট দেওয়া হবে।

পুরনো খবর:

ক্রেস্টের সোনা কেলেঙ্কারির প্রতিবেদন এ মাসেই