২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গিবাদ মোকাবেলায় প্রাণশক্তি নজরুল’ 

‘জঙ্গি, আগুনসন্ত্রাসী এবং রাজাকারের রাহু থেকে’ দেশকে মুক্ত করতে বিদ্রোহী কবি নজরুলের দেখানো পথ অনুসরণ করে অসাম্প্রদায়িক চেতনায় ‘উজ্জীবিত’ হতে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  

নিজস্ব প্রতিবেদক

ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 01:38 AM

Updated : 11 Oct 2022, 12:35 PM

সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল ইন্সটিটিউট আয়োজিত নজরুল পুরস্কার ২০১৭ প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

“কুসংস্কার, সাম্প্রদায়িকতা, কূপমণ্ডুকতা থেকে দেশকে মুক্ত করে এগুনোর পথে যে জঙ্গি হায়েনারা পেছন থেকে ছোবল হানে, নজরুলের অমিত শক্তিমান পংক্তিমালায় উজ্জীবিত হয়ে তাদের দমন করার শপথ নেবার দিন আজ।

“কাজী নজরুলের পথে হেঁটে দূর করতে হবে ধর্মান্ধতা-উগ্র নিপীড়নের সব অন্ধকার।”

জঙ্গিবাদ মোকাবেলায় নজরুলের অসাম্প্রদায়িক চেতনাকে ‘বাঙালির প্রাণশক্তি’ বলে উল্লেখ করেন ইনু।

তিনি বলেন, “একুশ শতকেও অসম বিশ্বায়ন, দারিদ্র্য, বৈষম্য আর আণবিকায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নজরুল এখনো প্রাসঙ্গিক। এখনো তাকে বড় প্রয়োজন।”

অনুষ্ঠানে নজরুল গবেষণায় অধ্যাপক রশীদুন নবী ও নজরুল সংগীতে অবদানের জন্য শিল্পী খায়রুল আনাম শাকিলকে ‘নজরুল পুরস্কার-২০১৭’ প্রদান করা হয়।

নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে এবং কবি নজরুল পৌত্রী খিলখিল কাজী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

 

‘জাতীয় কবির প্রয়াণ দিনে অসাম্প্রদায়িকতার অঙ্গীকার’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকীতে ‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটনের’ প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবির সমাধিতে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশ তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে, এটি জাতীয় কবির স্বপ্নের বাস্তবায়ন।

“আগস্ট মাস এলেই আমাদের বেদনার অশ্রু গড়িয়ে পড়ে। আজ জাতীয় কবি, অগ্নিবীণার কবি কাজী নজরুল ইসলামের ৪২তম প্রয়াণ দিবস। আমরা শ্রদ্ধার সঙ্গে দিনটিকে স্মরণ করছি।”

জাতীয় কবি অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনাকে স্মরণ করে কাদের বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করবো, এটাই আজকে জাতীয় কবির মহাপ্রয়াণ দিবসে আমাদের অঙ্গীকার।”

এসময় বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে প্রিয় কবিকে স্মরণ করেন।

 

জাতীয় কবির সমাধিতে ঢাবি পরিবারের শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।

এ উপলক্ষে সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা জমায়েত হয়ে একটি শোভাযাত্রা নিয়ে জাতীয় কবির সমাধিতে যান।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির কবরে পুষ্পার্ঘ্য  অর্পণ ও ফাতেহা পাঠ শেষে মাজার প্রাঙ্গণেই আয়োজন করা হয় আলোচনা সভার।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি অধ্যাপক ড. মুহম্মদ সামাদ বাঙালি সমাজ ও সংস্কৃতি বিনির্মাণে নজরুলের সৃষ্টিকর্ম প্রেরণা হিসেবে কাজ করবে বলে মত দেন।

“কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি মানুষের কবি, সাম্যের কবি। তার চিন্তা ও সমাজ ভাবনা আমাদের পথ দেখাতে সাহায্য করেছে। বাঙালি সমাজ ও সংস্কৃতি বিনির্মাণে তার সৃষ্টিকর্ম সবসময় আমাদের প্রেরণা দেবে।”

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সংগীত বিভাগের চেয়ারপার্সন টুম্পা সমদ্দার ও সহযোগী অধ্যাপক ড. মোহসিনা আক্তার খানম (লীনা তাপসী), বিভাগের খণ্ডকালীন শিক্ষক ও সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নজরুলের বিভিন্ন পর্যায়ের সংগীত পরিবেশন করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ায় অনুষ্ঠিত হয় কোরানখানি।