প্রথম শ্রেণির বন্দির মর্যাদা চাইলেন শহিদুল
আলোকচিত্রী শহিদুল আলম কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা চেয়ে আবেদন করেছেন।
শহিদুলের আইনজীবী এহসানুল হক সমাজী ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে এই আবেদন করেন।
সোমবার শুনানি শেষে বিচারক এই বিষয়ে কারা কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রথম শ্রেণির মর্যাদা পাওয়ার ক্ষেত্রে কারাবিধির ৯১০ নম্বর ধারার প্রতিপাদ্য তুলে ধরে শুনানিতে আইনজীবী সমাজী বলেন, “বন্দি শহিদুল সামাজিক মর্যাদায় অত্যন্ত অভিজাত। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে সুপরিচিত। তার মুক্তি চেয়ে নোবেলজয়ীরাসহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিবৃতি দিয়েছেন।
“তিনি ফটো সাংবাদিকতাসহ বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও শিল্প নান্দনিক বিষয়ে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনের একজন পথিকৃৎ।”
এই ‘গুণাবলীর’ জন্য কারাবিধির ৯১০ ধারার সংজ্ঞা অনুযায়ী শহিদুল প্রথম শ্রেণির মর্যাদা পাওয়ার অধিকার রাখেন বলে যুক্তি দেন এই আইনজীবী।
নোবেলজয়ী ডেসমন্ড টুটু, শিরিন এবাদি, মুহাম্মদ ইউনূস, অমর্ত্য সেন কারাবন্দি আলোকচিত্রী শহিদুলের পক্ষে বিবৃতি দিয়েছেন।
অন্যদিকে শহিদুলকে গ্রেপ্তারের পক্ষে যুক্তি দেখিয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কেউ সফল ও জনপ্রিয় হলেই তিনি আইনের ঊর্ধ্বে উঠে যান না।
নিরাপদ সড়কের আন্দোলনের মধ্যে এই আলোকচিত্রী ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সহিংসতা উসকে দিয়েছেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
রমনা থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ৬ অগাস্ট তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় শহিদুলকে। তখন থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ রয়েছেন।
হাকিম আদালত প্রত্যাখ্যানের পর শহিদুলের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন হয়েছে। তার শুনানি হবে আগামী ১১ সেপ্টেম্বর।
