২১ অগাস্ট: ‘হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’
একুশ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন আসামি লুৎফুজ্জামান বাবরের আইনজীবী।
পরে বিচারক শাহেদ নূর উদ্দিন মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত শুনানি মুলতবি করেন।
এদিন আইনজীবী নজরুল ইসলাম আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও সাবেক অতিরিক্ত আইজিপি সামসুল ইসলামের আসামি লুৎফুজ্জামান বাবর সম্পর্কে বলা বক্তব্য মিথ্যা, বানোয়াট বলে দাবি করেন।
তিনি বলেন, “বাহাউদ্দিন নাসিম যা বলেছেন তা তিনি শুনে বলেছেন। তাই তার সাক্ষ্যের কোনো মূল্য নাই। এছাড়া সাক্ষী সামসুল ইসলাম ২০০৫ সালে সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে থাকাকালে এ মামলার প্রধান তদারকি কর্মকর্তা ছিলেন। তার তদারকিতেই জজ মিয়া স্বীকারোক্তি করেন।
“জজ মিয়ার স্বীকারোক্তি নিয়ে কোনো নাটক হলে তার দায়িত্বও তার। জজ মিয়াকে স্বীকারোক্তি করানো এবং তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে বাবর সাহেব কোনো নির্দেশনা দেননি।”
মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তির বিষয়ে এ আইনজীবী বলেন, “একজন আসামি এক মামলায় একবার স্বীকারোক্তি করার পর দ্বিতীয় বার স্বীকারোক্তি করার বিধান নেই। উচ্চ আদালতেরও এ বিষয়ে সিদ্ধান্ত আছে।
“প্রথম স্বীকারোক্তিতে তিনি যেখানে বাবর সাহেবের নাম বলেননি, সেখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই বাবর সাহেবের নাম বলানোর জন্যই তাকে দিয়ে দ্বিতীয় স্বীকারোক্তি করিয়েছে তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ।”
মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তি করার আবেদন এবং স্বীকারোক্তি নেওয়া ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী নজরুল ইসলাম।
এসময় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আসামিপক্ষ অপ্রয়োজনীয় বক্তব্য রাখছে বলে মন্তব্য করেন।
এরপর আইনজীবী নজরুল ইসলাম মুফতি হান্নানসহ ১১ জন আসামির স্বীকারোক্তির মধ্যে থাকা বিভিন্ন অমিল তুলে ধরেন।
তিনি তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের তদন্তের বিষয়ে আংশিক যুক্তি উপস্থাপনের পর বেলা আড়াইটায় বিচারক শুনানি মুলতবি করেন।
এর আগে এ আইনজীবী গত ৬ অগাস্ট থেকে ৫ কার্যদিবস যুক্তি উপস্থাপন করেন।
মামলাটিতে বাবরের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ঠিক করবেন।
রাষ্ট্রপক্ষ মামলাটিতে ২৫ কার্যদিবস যুক্তি উপস্থাপনের পর গত ১ জানুয়ারি তা শেষ হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল।
হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ জন আহত হন।
সন্ত্রাসবিরোধী ওই সমাবেশে প্রধান অতিথি শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়া মাত্র গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ শুরু হয়। এতে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি নষ্ট হয়।
এ ঘটনায় পরদিন মতিঝিল থানার তৎকালীন এসআই ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন।
