২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় পরিসরে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড

দেশ গঠনে তরুণদের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানাতে তৃতীয়বারের মত বড় পরিসরে ফিরে এলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2018, 06:59 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

আগামী ২১-২২ অক্টোবর তরুণদের সর্ববৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলার আয়োজনে তৃতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

ইয়াং বাংলার সেক্রেটারিয়েট ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস জানিয়েছেন, তৃতীয়বারের মত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দিতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

এবার তরুণদের নেতৃত্বে দেশ গঠনে এগিয়ে যাওয়া ৩০ সংগঠন ও প্রতিষ্ঠানকে ১০টি বিভাগে দেওয়া হবে পুরস্কার।

দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধুলা এবং ফিটনেস, জনসচেতনতা সৃষ্ট, লিঙ্গ বৈষম্য হ্রাসসহ আরো বেশ কিছু বিভাগ রয়েছে।

সম্প্রতি নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য বা পরিবেশ রক্ষায় কাজ করে যাওয়া তরুণরা তাদের জনসচেতনতামূলক কার্যক্রমকে আরো বড় পরিসরে উপস্থাপন করতে পারেন আবেদনের মাধ্যমে। 

পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন, তরুণদের জন্য খেলাধুলা ও স্বাস্থ্য চর্চার ব্যবস্থা করা সংগঠনগুলোও আবেদন করতে পারবে।

এ বছর আয়োজনে অংশ নিতে অনলাইনে আবেদন ফরম ছাড়া হয়েছে ২১ অগাস্ট। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর।

বরাবরের মত এবারো ১৮-৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা অনলাইনে অবেদন করতে পারবেন http://youngbangla.org/member/joy-bangla-youth-award-2018.php লিংকে গিয়ে।

বিস্তারিত জানা যাবে ইয়াং বাংলার অফিসিয়াল ওয়েব সাইটে http://www.youngbangla.org/ ।

৩০ সেপ্টেম্বরের পর বিশেষভাবে শীর্ষ আবেদনকারীদের বাছাই করা হবে। পরবর্তীতে এই বাছাইকৃত সংগঠনগুলোর কাজ ও সমাজে তার প্রভাব দেখার জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে যাবে ইয়াং বাংলা টিম। সেখান থেকে শীর্ষ ৩০ সংগঠনকে বাছাই করা হবে। 

সাব্বির বিন শামস জানান, আয়োজনের প্রথম দিন বাছাইকৃত এই সংগঠনগুলোর তরুণ উদ্যোক্তাদের নিয়ে বিশেষ অধিবেশন হবে, যেখানে তাদের সংগঠন নিয়ে কাজ করে যাওয়ার পথে বাঁধা এবং তা থেকে উৎরানোর মাধ্যমে আরো এগিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হবে।

দ্বিতীয় দিন বিজয়ী সংগঠনগুলোর হাতে পুরষ্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

‘ভিশন ২০২১’-কে লক্ষ্যে রেখে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে উত্থাপন করার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা।

১৫ হাজারের বেশি সেচ্ছাসেবী এবং ২০০টির বেশি সংগঠনকে সাথে নিয়ে চলা এই সংগঠনটির বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ২ লাখ।

পুরনো খবর:

জয় বাংলা অ্যাওয়ার্ড পাচ্ছে ৫০ তরুণের প্রতিষ্ঠান