ডেমরার বাড়িতে অচেতন বৃদ্ধ দম্পতি, হাসপাতালে মৃত্যু
রাজধানীর ডেমরার সারুলিয়ায় বৃদ্ধ এক দম্পতিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজনই মারা গেছেন।
সারুলিয়ার বটতলা এলাকার একতলা বাড়িটিতে বৃদ্ধ সাহেরা খাতুন (৬০) ও তার স্বামী আবদুস সাত্তার (৭৫) ছেলে, ছেলের বউ ও নাতিকে নিয়ে থাকতেন।
স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, রোববার বাসা ভাড়া নিতে এসেছিলেন কয়েকজন নারী, দুপুরের দিকে তারা চলে যান। অনেকক্ষণ সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা বিকালের দিকে বৃদ্ধ দম্পতিকে তাদের ঘরে অচেতন অবস্থায় আবিষ্কার করেন।
পরে এই দম্পতির ছেলে আমিনুল ইসলাম খবর পেয়ে বাবা-মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া বলেন, “আমিনুল ইসলাম রোববার সন্ধ্যা ৭টার দিকে দুইজনকে আনার পর চিকিৎসক সাহেরাকে মৃত ঘোষণা করেন আর সাত্তার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”
ঘটনার বিষয়ে ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়ির একটি কক্ষ ভাড়া নেওয়ার জন্য শনিবার বিকালে কয়েকজন নারী এসেছিলেন। রোববারও ওই নারীরা এসেছিলেন।”
এই দম্পতির ছেলে আমিনুল ডেমরার এক প্রতিষ্ঠানেই চাকরি করেন জানিয়ে ওসি বলেন, “সকালে আমিনুল কাজে চলে যান। আর তার স্ত্রী ও সন্তান গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছেন।
“খালি বাসায় ওই নারীরা কৌশলে অচেতন করে বৃদ্ধ দুইজনকে। পরে খবর পেয়ে ছেলে বাসায় ফিরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।”
ঘরের মালামাল এলোমেলো করা হলেও কিছু খোয়া যায়নি বলে জানান ওসি সিদ্দিকুর।
“কেন দুজন অচেতন করা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে,” বলেন তিনি।
