ঢাকার পল্লবীতে রির্জাভ ট্যাংক বিস্ফোরণে আহত আরও দুজনের মৃত্যু
ঈদের আগের রাতে ঢাকার পল্লবীতে পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে আহত আরও দুজনের মৃত্যু ঘটেছে।
এ নিয়ে এই ঘটনায় তিনজনের মৃত্যু ঘটল। শনিবার দুপুরে মিলি নামে সাড়ে চার বছরের এক শিশু মারা গিয়েছিল। রোববার মৃত্যু হয় সুরত আলী (৬৮) ও তার মেয়ে আলেয়া বেগমের (২৫)। মিলি আলেয়ারই মেয়ে।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী ই ব্লকে মোরাপাড়া বিহারি ক্যাম্পের সামনে মোশারফ হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে ওই বিস্ফোরণ ঘটে।
তখন দগ্ধ নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তারা হলেন- বাড়ির মালিক মোশারফ হোসেন, তার ছেলে জিসান, ভাড়াটিয়া আওয়াল হোসেন বাবু, ভাড়াটিয়া সুরত আলী, সুরতের স্ত্রী বেদানা বেগম, তাদের মেয়ে আলেয়া, আলেয়ার মেয়ে মিলি, সুরতের ছেলে রাব্বি এবং তার স্ত্রী লাবনী।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৭টায় সুরত আলী মারা যান।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, “সুরত আলীর শরীরের ৮৩ শতাংশ পুড়ে গিয়েছিল।”
এরপর সন্ধ্যা ৬টায় আলেয়াও মারা যান বলে এএসআই বাবুল মিয়া জানান।
