ময়মনসিংহ-ভৈরব ট্রেন চলাচল শুরু
গৌরীপুরে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুল মান্নান ফরাজি জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে গৌরীপুরের বোকাইনগর স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ের পাথর ও স্লিপার নিয়ে ময়মনসিংহ থেকে চট্টগ্রামে যাচ্ছিল ট্রেনটি। সেটি লাইনচ্যুত হওয়ায় ওই পথ দিয়ে ভৈরব হয়ে চট্টগ্রাম ও ঢাকার পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ক্যারেজটি সরিয়ে নিলে বেলা ১২টার দিকে লাইন উন্মুক্ত হয় বলে জানান ওসি।
তিনি বলেন, ওই দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে আটকে পড়ে। লাইন চালু হওয়ার পর ট্রেনটি যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
