ঈদে মহাসড়কে র্যাবের অর্ধশত তল্লাশি চৌকি
ঈদে মহাসড়কে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে অর্ধশতাধিক তল্লাশি চৌকি বসিয়েছে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদে এবার জনগণ অনেকটা নিরাপদে ঢাকার বাইরে গিয়ে ঈদ উদযাপন করতে পেরেছে। তাদের ঢাকায় ফিরে আসা নিরাপদ করতে বিভিন্ন মহাসড়কে প্রায় অর্ধশতাধিক চেকপোস্ট বসিয়েছে র্যাব।”
তিনি জানান, এইসব তল্লাশি চৌকিতে থাকা র্যাব সদস্যরা নজর রাখবেন মহাসড়কে কোনো গাড়ি নির্দিষ্ট গতিসীমার বাইরে চলছে কিনা। পাশাপাশি চালক ছাড়া অন্য কেউ গাড়ি চালাচ্ছেন কিনা তাও দেখনে র্যাব সদস্যরা।
এছাড়াও র্যাব সদস্যরা সন্দেহ হলে তল্লাশি চৌকিতে গাড়ির কাগজপত্র পরীক্ষা এবং যানটি চলাচলের জন্য নিরাপদ কিনা তাও যাচাই করবেন বলে জানান র্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, “র্যাব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এজন্য তারা পেশাদারিত্বের সঙ্গে নিজেদের কাজ করে যাবে।”
