বিচারের রায় ‘প্রভাবিত করার চেষ্টা’ দেখছে বিএনপি
একুশে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় জিয়া পরিবারকে দায়ী করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তাতে ওই মামলার রায় প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বুধবার বলেছেন, সরকার যে দেশের বিচার বিভাগকে ‘সম্পূর্ণ করায়ত্ত’ করতে চায়, প্রধানমন্ত্রীর বক্তব্যই ‘তার প্রমাণ’।
“বিচারের রায়কেও তারা ডিকটেট করতে চায়। আগে থেকে তারা বলে দিতে চায় যে, কারা জড়িত, কারা জড়িত ছিল না তা বলতে চায়। এটা প্রমাণ করে, তারা বিচারের রায়কে পুরোপুরি প্রভাবিত করছে।”
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কর্মসূচিতে গ্রেনেড হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেদিন বেঁচে গেলেও স্থায়ীভাবে তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।
ওই হামলার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলে।
ওই হামলার বার্ষিকীতে মঙ্গলবার দলীয় এক অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এই হত্যাকাণ্ডের যে চেষ্টা; এর সাথে বিএনপি যে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, খালেদা জিয়া, তার ছেলেরা যে জড়িত তাতে কোনো সন্দেহ নাই।”
বুধবার কোরবানি ঈদের সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী, সরকারের চিফ এক্সিকিউটিভ যখন এই ধরনের কথা বলেন, তখন কিন্তু বিচারকদের পক্ষে বা তদন্তকারীদের পক্ষে নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। তদন্তও তারা নিরপেক্ষভাবে করতে পারেনি, সরকার সেটাকে নিয়ন্ত্রণ করেছে।”
দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে থাকা খালেদা জিয়া এবং তার ছেলেকে ‘তথাকথিত বিচারের নামে আবার সাজা দেওয়ার চক্রান্ত’ করা হচ্ছে বলেও ফখরুল অভিযোগ করেন।
সরকারের হস্তক্ষেপে দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না মন্তব্য করে তিনি বলেন, “তারা বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করেছে। এখন রায়কে তারা পুরোপুরিভাবে দলীয়করণ করতে চায়।”
খালেদা জিয়া কারাগারে থাকায় এবার ঈদের দিন জিয়ার কবর জিয়ারত ছাড়া অন্য কোনো কর্মসূচি রাখেনি বিএনপি। এর অংশ হিসেবে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়ার কবর প্রাঙ্গণে যান মির্জা ফখরুল।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, কাজী মাজহারুল আনোয়ার, কেন্দ্রীয় নেতা আশরাফউদ্দিন উজ্জ্বল, আজিজুল বারী হেলাল, আমিনুল হক, নাজিমউদ্দিন আলম, তাবিথ আউয়াল, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান এ সময় তার সঙ্গে ছিলেন।
বিএনপি নেতা-কর্মীরা তাদের প্রয়াত নেতার কবরে পুস্পমাল্য অর্পণ করে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, “প্রতিবার আমরা ঈদের দিন দেশনেত্রীকে নিয়ে ফাতেহা পাঠ করতে আসতাম। আজকে আমরা ভারাক্রান্ত মনে এখানে উপস্থিত হয়েছি। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই।
“আমরা তার মুক্তির দাবিতে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহর কাছে এই প্রার্থনা করছি, তাকে যাতে সুস্থ রাখেন এবং অতি দ্রুত তাকে মুক্ত করেন।”
জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের নেতারা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে যান খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য।
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর গত ফেব্রুয়ারি থেকে এই কারাগারে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়েছিল, তাদের জ্যেষ্ঠ নেতারা ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
কিন্তু ফখরুলের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা বুধবার কারাগারের সামনে গিয়ে ফটকের দিকে এগাতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়।
বিএনপি মহাসচিব তখন সাক্ষাতের অনুমতি চেয়ে তাদের করা আবেদনের অনুলিপি পুলিশ কর্মকর্তাদের দেখান। কিন্তু দায়িত্বরত পুলিশ জানায়, তাদের কাছে কারো সাক্ষাতের অনুমতির বিষয়ে তথ্য নেই।
মির্জা ফখরুল তখন ওই পুলিশ কর্মকর্তাকে বলেন, “জেল কোডে বলা আছে, ঈদের দিনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের কেউ দেখা করতে চাইলে দেখা করতে দেওয়া হয়। আমরা ১৩ অগাস্ট অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম।
“আজকে দেখা করতে না দেওয়া দুর্ভাগ্যজনক। আপনারা আজকে ঈদের দিনে আমাদের নেত্রীর সাথে দেখা করতে দিলেন না; এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।”
খন্দকার মোশাররফ এ সময় বলেন, “আমাদেরকে আজকে এখানে আটকে রাখা হল, আমাদের যদি জেল গেইটে যেতে দেওয়া হত, কারা কর্তৃপক্ষ বলতে পারত আমরা অনুমতি পাব কি পাব না। এখান পুলিশ কর্তৃপক্ষ আমাদের রাস্তায় আটকে দিলেন- এটা দুর্ভাগ্যজনক।”
মির্জা আব্বাস বলেন, “ঈদের দিন আমাদের দেখা করতে না দিয়ে অবিচার করা হল।”
নজরুল ইসলাম খান, আবদুল আউয়াল মিন্টু, আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, বিলকিস জাহান শিরিন, শিরিন সুলতানা, তাবিথ আউয়াল, শাহরিন ইসলাম শায়লা, খায়রুন্নাহার, শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ দুই শতাধিক নেতা-কর্মী এ সময় কারাগারের সামনের রাস্তায় উপস্থিত ছিলেন।
বিএনপি কর্মীরা এ সময়ে খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগানও দেন।
