২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরানো সম্ভব: আইনমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2018, 11:17 PM

Updated : 08 Apr 2022, 06:53 PM

জাতীয় জাদুঘরে শনিবার সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে আমি বার বার একটা কথা বলেছি। আজকেও অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অত্যন্ত বন্ধুসুলভ সম্পর্ক। আপনারা দেখেছেন ২০০৭ সালে বঙ্গবন্ধুর এক খুনিকে তারা ফিরিয়ে দিয়েছিল। এখনও সেখানে চিহ্নিত একজন খুনি আছে।”

“... আমার মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যেই বন্ধুত্বসুলভ সম্পর্ক আছে। সেটার উপর আস্থা রেখে আমি বলতে পারি তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে।’

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনার ব্যাপারে আনিসুল বলেন, ‘আরেকজন আছে কানাডায়। সেখানেও আমাদের সম্পর্ক অত্যন্ত ভাল। কিন্তু সেখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে, কানাডায় ইতোমধ্যে একটা আইন হয়েছে। যে আইনে তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।

“নিজেদের দেশে তারা মৃত্যুদণ্ডের সাজা বাতিল করেছে। ফলে কোনো অপরাধী মৃত্যুদণ্ড পেতে পারে এমন কেউ থাকলে তাকে তারা ফিরিয়ে দেয় না। সেই ক্ষেত্রেও আমাদের আইনি লড়াই শুরু হয়েছে। আলোচনাও চলছে। এই প্রতিবন্ধকতা পার হতে পারলেই আমরা হয়তো নুর চৌধুরীকে ফিরিয়ে আনতে পারবো।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. মশিউর রহমান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মসিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াসও বক্তব্য দেন।