বিচারপতি কামরুল সিদ্দিকী আর নেই
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী মারা গেছেন।
শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুপুরে জোহরের নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ১৯৫০ সালের ৩০ মে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে মুন্সেফ হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। পরবর্তীতে সাব জজ, ডেপুটি সেক্রেটারি, হাই কোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার, জেলা ও দায়রা জজ ও হাই কোর্টের রেজিস্ট্রার ছিলেন।
২০০৪ সালের ২৮ অগাস্ট তিনি হাই কোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের ২৯ মে ৬৭ পূর্ণ করে তিনি অবসর নেন।
উপনিবেশিক শাসনামলে ত্রিশ-চল্লিশের দশকে কলকাতার একজন খ্যাতিমান সাংবাদিক-সম্পাদক ছিলেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বাবা আব্দুল ওহাব সিদ্দিকী।
