২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মস্থলে শেষবার সাংবাদিক গোলাম সারওয়ার

শেষযাত্রার পথে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার শেষবারের মত তার কর্মস্থলে এলেন কফিনবন্দি হয়ে; শ্রদ্ধায় ভালোবাসায় তাকে বিদায় জানালেন সহকর্মীরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2018, 10:57 AM

Updated : 11 Oct 2022, 12:34 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বারডেমের হিমঘর থেকে গোলাম সারওয়ার মরদেহ তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পরে সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে প্রয়াত সম্পাদকের জানাজায় অংশ নেন সহকর্মীরা।

গোলাম সারওয়ারের হাত ধরেই ২০০৫ সালে সমকাল প্রকাশিত হয়। মাঝে কিছু দিনের জন্য যুগান্তরে ফিরলেও ২০০৯ সালে আবার ফিরে আসেন সমকালে।

তেজগাঁওয়ে জানাজা শেষে গোলাম সারওয়ারের মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন পর্ব।

সেখানে শ্রদ্ধার আনুষ্ঠানিকতা সেরে সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ারের মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। সংবাদকর্মীদের এই কেন্দ্রীয় সংগঠনের ব্যবস্থাপনা পর্ষদেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন গোলাম সারওয়ার।

প্রেস ক্লাবে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে আরেক দফা জানাজা হবে। সেখান থেকে বিকালে কফিন নিয়ে যাওয়া হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন মুক্তি সংগ্রামী এই সাংবাদিক।

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যান একুশে পদকজয়ী সাংবাদিক গোলাম সারওয়ার।

মঙ্গলবার রাতে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার পর বুধবার নিয়ে যাওয়া হয় তার জন্মভূমি বরিশালের বানারীপাড়ায়। সেখানে শ্রদ্ধা নিবেদন ও জানাজার পর কফিন ঢাকায় নিয়ে আসা হয়।

বিকালে ঢাকার উত্তরায় গোলাম সারওয়ারের বাড়ির কাছের মসজিদে তার জানাজায় অংশ নেন বহু মানুষ। তার বড় ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জু পরিবারের পক্ষ থেকে বাবার জন্য দোয়া চান।