শোক দিবসের কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা
জাতীয় শোক দিবসের কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার ধানমণ্ডি ৩২ নম্বরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “১৫ অগাস্ট ঘিরে কোনো হুমকি নেই। তবে কোনো কিছুই আমরা উড়িয়ে দিচ্ছি না। সকল বিষয় মাথায় রেখেই আমরা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।”
এর অংশ হিসেবে গত সপ্তাহে বসুন্ধরা আবাসিক এলাকায় ‘ব্লক রেইড দেওয়া হয়েছিল জানিয়ে পুলিশ কমিশনার বলেন, “গতকাল শেরেবাংলা নগর, নিউমার্কেট, ধানমণ্ডি, হাজারীবাগ এলাকাতেও ব্লক রেইড দেওয়া হয়েছে।”
“১৫ অগাস্টকে কেন্দ্র করে গত এক সপ্তাহ জুড়ে আমরা ব্লক রেইড, তল্লাশি চালাচ্ছি।“
গত বছর এই শ্রদ্ধা নিবেদন পর্বের মধ্যেই বঙ্গবন্ধু ভবন থেকে মাত্র ৩০০ মিটার দূরে পান্থপথের হোটেলে ওলিও ইন্টারন্যাশনালে পুলিশের অভিযানের মধ্যে এক জঙ্গি ‘আত্মঘাতী’ হয়।
তখনকার পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সে সময় বলেছিলেন, ধানমন্ডির ৩২ নম্বর ঘিরে অগাস্টের শোকের মিছিলে আত্মঘাতী বোমা হামলা করে ‘শত শত লোক মেরে ফেলার’ প্রস্তুতি নিয়েছিল জঙ্গিরা।
ওলিও ইন্টারন্যাশনাল হোটেলে বিস্ফোরণে সাইফুল ইসলাম নামে এক ‘জঙ্গি’ নিহত হওয়ার ঘটনার দায়ের করা মামলার তদন্ত এখনও শেষ হয়নি।
এ প্রসঙ্গে পুলিশ কমিশনার জানান, এ পর্যন্ত ১৪ জনকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
এবারও ধানমণ্ডি ঘিরে যে সব আবাসিক হোটেল এবং বাসাবাড়ি রয়েছে, সে সব স্থানে কড়া নজরদারি করছে পুলিশ।
কারও সন্দেহজনক আচরণ দেখলেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন সোবহানবাগের বাসিন্দা সোলায়মান সরকার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু কিছু মেসে গিয়ে পুলিশ বাসিন্দাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে এবং কারও কারও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে রাখছে।”
আছাদুজ্জামান মিয়া বলেন, শোক দিবসে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমণ্ডির ৩২ নম্বরে যাবেন, তাদের দাহ্য পদার্থ, ভ্যানিটি ব্যাগ, ছুরি-চাকু ধরনের যে কোনো ‘অস্ত্রজাতীয় দ্রব্য’ বহন করতে নিষেধ করা হয়েছে।
“আমাদের পর্যাপ্ত সিসি ক্যামেরা রয়েছে। সেগুলোর মাধ্যমে নিয়মিত মনিটরিং হচ্ছে। আর্চওয়ের মধ্য দিয়ে তল্লাশি পেরিয়ে সবাইকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে বুধবার সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। তারা ফুল দিয়ে চলে যাওয়ার পর ৩২ নম্বর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
পুলিশ কমিশনার জানান, বুধবার সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় সোনারগাঁও ক্রসিং থেকে রাসেল স্কয়ার, ধানমণ্ডি ২৭ নম্বর থেকে রাসেল স্কয়ার, সিটি কলেজ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর চলাচলের বিশেষ নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে বলে জানান তিনি।
