প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি নেতার সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অনিন্দ্য গোপাল মিত্র।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
অনিন্দ্য গোপাল মিত্র পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতির উপদেষ্টা।
সৌজন্য সাক্ষাৎ শেষে ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, সাক্ষাতের শুরুতেই পধানমন্ত্রীর কক্ষে প্রবেশ করে বিজেপি নেতা বঙ্গবন্ধুর ছবিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে তার ভূমিকার কথা উল্লেখ করেন অনিন্দ্য মিত্র।
এসময় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারত সরকার ও জনগণের সাহায্য সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছিল এবং একটি প্রজন্মকে সঠিক ইতিহাস থেকে অন্ধকারে রাখা হয়েছিল।
“তবে এখন তরুণ প্রজন্ম ইতিহাস সচেতন এবং সঠিক ইতিহাস জানতে পারছে,” যোগ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
দুই দেশই দুদেশের মধ্যকার সম্পর্ককে মূল্য দেয় বলে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও কার্যালয় সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।
