২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারও খবরদারিতে মাথা নোয়াবেন না: পুলিশকে কাদের

রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে কোনো ব্যক্তির খবরদারির কাছে মাথা নত না করার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2018, 12:49 AM

Updated : 08 Apr 2022, 06:52 PM

পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগের প্রেক্ষাপটে সোমবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।

কাদের বলেন, “কোনো ব্যক্তির খবরদারির কাছে মাথা নত করবেন না, এটা পুলিশের কাজ না। অনেকেই পছন্দের পুলিশ কর্মকর্তা চায়, যদিও এখন কিছুটা কমেছে। এগুলো কমলে পুলিশের দুর্নীতিও কমে যাবে।”

পুলিশের উপর রাজনৈতিক নেতাদের কর্তৃত্বের বিষয়টি মেনে নিয়েই তিনি বলেন, “আমাদের দেশের রাজনীতি ঠিক হলে সব কিছু ঠিক হয়ে যাবে। পলিটিশিয়ানদের চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে পুলিশের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে।”

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে সবার সচেতনতার উপর জোর দেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিকদের মারধরের ঘটনা নিয়ে তিনি বলেন, “এই যে সাংবাদিকদের উপর হামলা করেছে, এরা দুর্বৃত্ত। এদের কোনো দল নেই। পুলিশকে বলা হয়েছে এদের খুঁজে বের করতে। অপরাধীকে শাস্তি পেতেই হবে।”

অনুষ্ঠানে ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের সমালোচনা করে বলেন, “পুলিশ ঝাঁপিয়ে পড়েছে- কিছু কিছু মিডিয়া এসব মিথ্যা সংবাদও প্রচার করেছে। নিরাপত্তার স্বার্থে আমরা সীমিত আকারে আইন প্রয়োগ করেছি।”

এবারের আন্দোলনকে উস্কে দিতে ‘পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র’ ছিল দাবি করে তিনি বলেন, “এই আন্দোলনে তারা পুলিশের দুটি ক্যাম্পে আক্রমণ করেছে। তাদের উদ্দেশ্য ছিল, পুলিশকে উস্কে দিয়ে স্কুল-কলেজের ইউনিফর্ম পরা একটা লাশ ফেলানোর জন্য।

“ভিডিওগুলো আগে থেকে তৈরি করা ছিল। কবে কোথা কোথা থেকে ভিডিওগুলো করেছিল, সব স্বীকারোক্তি পেয়েছি।”

পুলিশকে নিরপেক্ষ আচরণ করার পরামর্শ দিয়ে কাদের বলেন, “পুলিশের কাছে আমরা পজেটিভ নিরপেক্ষতা আশা করি। শেখ হাসিনাকে চিনতে হবে। শেখ হাসিনা জোর করে জনমতের বিরুদ্ধে ক্ষমতা চায় না।”

বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “অনেকে বলে তাদের সঙ্গে বসে মধুর আলাপ করতে, তাদের সামনে বসে মুখোমুখি আলাপ করব? 

“২০১৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর প্রস্তাবে ফোনে কী ব্যবহার না করেছিল বেগম জিয়া! কোকোর মৃত্যুতে বাড়ির দরজা বন্ধ করে দিয়ে সংলাপের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে তারাই।”

অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাব প্রধান বেনজির আহমেদও বক্তব্য রাখেন।