২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক সপ্তাহে ৯ দিনে ৬ কোটি টাকা জরিমানা আদায়

ট্রাফিক সপ্তাহের নয় দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সারাদেশে এক লাখ ৬১ হাজার ৭৮০টি মামলা হয়েছে, জরিমানা আদায় হয়েছে ৬ কোটি টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2018, 11:44 PM

Updated : 19 Aug 2022, 02:27 PM

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত নয় দিনে ছয়টি মহানগর, আটটি রেঞ্জ ও একটি হাইওয়েতে এই মামলাগুলো হয়।

“এই সময়ে জরিমানা আদায় হয়েছে ৬ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৯৭৯ টাকা; জব্দ করা হয়েছে ৪ হাজার ৪৫০টি গাড়ি।”

নয় দিনে মোট ৬০ হাজার ৬৮৩ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে ৫ অগাস্ট শুরু হওয়া এই ট্রাফিক সপ্তাহ শনিবার শেষ হওয়ার কথা থাকলেও আরও তিন দিন বাড়ানো হয়েছে।