২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কুড়িগ্রামে ইউএনডিপির কর্মশালা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সম্ভাব্য কৌশল নিয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2018, 07:53 PM

Updated : 19 Aug 2022, 02:28 PM

সোমবার অনুষ্ঠিত এই কর্মশালায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন বলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনডিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, কুড়িগ্রামে গত তিন মাস ধরে চলমান জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরূপণের কাজ হয়েছে। এসব ঝুঁকি যাচাই-বাছাই করে ঝুঁকি কমানোর কর্মপরিকল্পনার জন্য ইউনিয়ন পরিষদগুলোতে কর্মশালা চলছে। এর অংশ হিসেবে চিলমারী উপজেলায় ১৩ অগাস্ট এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিগুলোর অগ্রাধিকার চিহ্নিত করার পর সেগুলোকে পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মপরিকল্পনা ও পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্তর্ভূক্ত করার প্রস্তাব গৃহীত হয়।

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়িত ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় সরকারের উদ্যোগ (লজিক)’ প্রকল্পের অধীনে বাংলাদেশের সবচেয়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ সাতটি জেলায় অংশগ্রহণমূলক ঝুঁকি নিরূপণের কাজ এগিয়ে চলছে।

কুড়িগ্রাম, সুনামগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা এবং ভোলা জেলায় জলবায়ুর অভিঘাত মোকাবেলায় স্থানীয় সরকার, সুশীল সমাজ এবং জনগণের সক্ষমতা বৃদ্ধির জন্য ২০২১ সাল পর্যন্ত চার বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়িত হবে।

ইউরোপিয়ান ইউনিয়ন, সিডা (সুইডেন), ইউএনডিপি এবং ইউএনসিডিএফ অর্থায়িত এ প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ)।

এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগণ, বিশেষ করে নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগণকে জলবায়ুর অভিঘাত থেকে সুরক্ষা দিতে জলবায়ু পরিবর্তনসহিষ্ণু ও উপযোগী জীবিকায় স্থানান্তরে আর্থিক ও কারিগরি সহায়তা করা হবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।