রংপুরের সাবেক ৫ কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করছে দুদক
একটি মেলা আয়োজনের জন্য ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে রংপুর সিটি করপোরেশনের সাবেক তিন কাউন্সিলর ও দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
২০১৪ সালের ওই ঘটনায় অনুসন্ধান শেষে রোববার কমিশন এ মামলা দায়েরে অনুমোদন দিয়েছে বলে দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।
মামলায় যারা আসামি হচ্ছেন তারা হলেন- রংপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শফিকুল ইসলাম (দুলাল), ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেকেন্দার আলী, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আকরাম হোসেন এবং সিটি করপোরেশনের তৎকালীন উপসহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান চৌধুরী (বর্তমানে সহকারী প্রকৌশলী) ও উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ মহিউদ্দিন।
প্রনব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৪ সালে নগর কর্তৃপক্ষ শহরের চিকলী পার্কে একটি মেলার আয়োজন করে। সেই মেলার ১১ সদস্যের আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন শফিকুল ইসলাম, বাকিরা ছিলেন সদস্য।
আসাদুজ্জামান চৌধুরী পরে মেলা আয়োজনে ব্যয়ের যে হিসাব ব্যবস্থাপনা কমিটির কাছে উপস্থাপন করেন, সেখানে ৫৪ লাখ ৪০ হাজার ৩৫৫ টাকা খরচ দেখানো হয়। ৭৫টি ভাউচার দেখিয়ে ওই অর্থ তিনি উত্তোলন করেন।
দুদক কর্মকর্তারা বলছেন, ওই ৭৫টি ভাউচারে মধ্যে ১৮টি ছিল ‘ভুয়া’। সেসব ভাউচার দাখিল করে আসামিরা ‘পরস্পর যোগসাজশে’ আট লাখ ১৮ হাজার ১৩১ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হচ্ছে মামলায়।
