ট্রাফিক সপ্তাহ: সাত দিনে একলাখ ২৯ হাজার ৮৭১ মামলা
ট্রাফিক সপ্তাহের সাত দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সারাদেশে একলাখ ২৯ হাজার ৮৭১টি মামলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত সাত দিনে ছয়টি মহানগর, আটটি রেঞ্জ ও একটি হাইওয়েতে এই মামলাগুলো হয়।
“এই সময়ে জরিমানা আদায় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯ হাজার ২২৩ টাকা; জব্দ করা হয়েছে ৩ হাজার ৭৭৭টি গাড়ি।”
সাত দিনে মোট ৪৬ হাজার ৭২৩ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে ৫ অগাস্ট শুরু হওয়া এই ট্রাফিক সপ্তাহ শনিবার শেষ হওয়ার কথা থাকলেও আরও তিন দিন বাড়ানো হয়েছে।
