২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা সংস্কার আন্দোলনের নেতা সাখাওয়াত ফের রিমান্ডে

কোটা সংস্কার আন্দোলনের নেতা সাখাওয়াত হোসেন রনি ওরফে রাতুলকে এবার রমনা থানার তথ্য প্রযুক্তি আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2018, 11:35 PM

Updated : 19 Aug 2022, 02:27 PM

আরেক মামলায় একদিনের হেফাজত শেষে শুক্রবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের আবেদন করে পুলিশ।

অন্যদিকে সাখাওয়াতের পক্ষে হেফাজতের আবেদন বাতিল করে জামিনের চান আইনজীবী জায়েদুর রহমান জাহিদ ও নূরউদ্দিন ।

দুই পক্ষের আবেদন শুনে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তাকে দুই দিনের হেফাজতে নেওয়ার আদেশ দেন।

সাখাওয়াতের আইনজীবীরা বলেন, তাকে ৫ অগাস্ট পুলিশ তুলে নিয়ে গেলেও ৮ অগাস্ট আদালতে তোলা হয়, যা গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করার বিষয়ে ফৌজদারি কার্যবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

পুলিশের কাজে বাধাদান ও ভাঙচুরের অভিযোগে করা এক মামলায় সাখাওয়াতকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে তোলা হলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পাঠান।

ওই হেফাজত শেষে সাখাওয়াতকে শুক্রবার রমনা থানার তথ্য প্রযুক্তি আইনের মামলায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আদালতে হাজির করে আবার রিমান্ড চান।

কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত গাজীপুরের ভাওয়াল বদরুল আলম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

তিনি রাজশাহীর বাঘা থানার ভাদুকর এলাকার শামীম আলীর ছেলে।