২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ শিক্ষার্থীর মানববন্ধন, নিরাপত্তার ব্যাপক আয়োজন

নিরাপদ সড়কের আন্দোলনে গ্রেপ্তার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রের মুক্তি চেয়ে রাজধানীতে মানববন্ধন করেছে একদল ছাত্রছাত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2018, 10:50 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১৩ জন শিক্ষার্থীর অংশগ্রহণে নয় মিনিটের ওই মানববন্ধনের সময় সেখানে দেখা যায় পুলিশের ব্যাপক নিরাপত্তা আয়োজন।

ওই সময় প্রেসক্লাবের সামনে মোতায়েন ছিলেন অর্ধশতাধিক পুলিশ সদস্য। পুলিশের একটি এপিসি, একটি জলকামানের গাড়ি এবং একটি প্রিজন ভ্যানও দেখা যায় ওই এলাকায়।

‘নিপীড়নের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সংক্ষিপ্ত ওই মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন, ইউল্যাব ইউনির্ভাসিটির নিশাত, স্টেট ইউনিভার্সিটির তৌফিক হাসান ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অভিজিত সরকার।

তারা বলেন, গ্রেপ্তার হওয়া ২২শিক্ষার্থী কোনো ‘অন্যায় করেনি’। তারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছিলেন। তাদেরকে মুক্তি না দিলে লাগাতার আন্দোলন করা হবে। মানববন্ধনের সময় এত পুলিশের উপস্থিতির কারণ জিজ্ঞেস করলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আলী বিশ্বাস বলেন, “শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশ কোনো বাধা দেয়নি। আর মানববন্ধনের জন্য এত পুলিশ নয়, আরও প্রোগ্রাম আছে।” অবশ্য বিকাল ৪টা ৫৪ মিনিটে শিক্ষার্থীদের মানববন্ধন শেষ হওয়ার পরপরই পুলিশ সদস্যদের সেখান থেকে চলে যেতে দেখা যায়।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের নবম দিনে পুলিশের উপর হামলা ও ভাঙচুরের দুই মামলায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ২২ শিক্ষার্থীকে রিমান্ড শেষে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত।