২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপহার পাঠিয়ে বিব্রত করবেন না: কাদের

ঈদ কিংবা জাতীয় নির্বাচন ঘিরে কোনো ধরনের উপহার না পাঠাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 09:27 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

সেই সঙ্গে তার পরিচয় দিয়ে কেউ অনৈতিক বা অবৈধা সুবিধা চাইলে তা না দিতেও অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর আত্মীয়-স্বজন অথবা নিকটজন কিংবা পিএস, এপিএস ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে এমনকি স্বাক্ষর নকল করে বিভিন্ন স্থানে আধাসরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ ও ভিজিটিং কার্ড ব্যবহার করে সচিবালয় বা সরকারি অফিস বা অন্য কোথাও কোনো অনৈতিক বা অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনৈতিক ও অবৈধ সুবিধা প্রদান থেকে বিরত থাকতে বিনীত অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

“এছাড়া আগামী ঈদ ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো প্রকার উপঢৌকন বা উপহার পাঠিয়ে নিজেও বিব্রত না হওয়া এবং মন্ত্রীকে বিব্রত না করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।”

চাকরি, বদলি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিষয়ে মন্ত্রী কোনো ধরনের ‘ডিও লেটার’ দেন না বলে উল্লেখ করা হয়  বিজ্ঞপ্তিতে।

এধরনের কোনো কিছু পেলে তা মন্ত্রীর দপ্তরে (টেলিফোন নম্বর: ০২-৯৫১৫৫৩৩) জানাতে বলা হয়েছে।

এছাড়া অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও বলেছেন কাদের।