আলাদা ফাউন্ডেশন চায় হিন্দু কল্যাণ ট্রাস্ট
হিন্দু ধর্মাবলম্বীদের কল্যাণে আলাদা ফাউন্ডেশন করার দাবি জানিয়েছেন সনাতন এই ধর্মের নেতারা।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি তোলেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় তারা জানান, প্রথমবারের মত ট্রাস্টের উদ্যোগে তীর্থ ভ্রমণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় তীর্থ ভ্রমণের অর্ধেক ব্যয় ট্রাস্ট বহন করবে।”
এসময় প্রতিনিধি দল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পৃথক ফাউন্ডেশন করার দাবি জানান। একই সঙ্গে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সংস্কারে সরকারের আরও সহায়তা কামনা করেন।
রাষ্ট্রপতি এসময় বলেন, বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেছে।
তিনি বলেন, প্রতিটি ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মের আচার-অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করতে পারে সে ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক।
রাষ্ট্রপতি ট্রাস্ট কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন।
