২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ তৎপর হওয়ায় রাস্তায় গাড়ি কম, দুর্ভোগ ছাড়ছে না

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টায় পরিবহন মালিক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘট শেষ হলেও রাজধানীতে গণপরিবহন সঙ্কট রয়েই গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 10:08 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

এবার গণপরিবহন সঙ্কটের কারণ হিসেবে উঠে এসেছে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাস্তায় গাড়ির কাগজপত্র পরীক্ষা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত রোববার থেকে ট্রাফিক সপ্তাহ শুরু করেছে পুলিশ। তিন দিন ধরে ঢাকার বিভিন্ন সড়কের মোড়ে ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করছে।

ডিএমপির এই কার্যক্রমের জন্য সড়কে বাস নামাতে চাইছেন না বাস মালিকরা।

২৯ জুলাই ছাত্রবিক্ষোভ শুরুর পর নিরাপত্তাহীনতাকে কারণ দেখিয়ে গত শুক্রবার থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক-শ্রমিকরা। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন সমিতির নেতারা সড়কে নিরাপত্তার আশ্বাস পেয়ে সোমবার থেকে বাস নামানোর ঘোষণা দিলেও যাত্রীর তুলনায় তা ছিল নগন্য।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ বছর সড়কে বাস চালানোর অভিজ্ঞতা থাকলে বিআরটিএ চালকদের দিয়েছে মিডিয়াম অথবা লাইট লাইসেন্স। সড়কে বাস চালাতে গেলে আসলে লাগবে হেভি লাইসেন্স। সেটা তো তারা দিচ্ছে না।

“এখন পুলিশ যদি লাইসেন্স চেক করে বাস থানায় ধরে নিয়ে যায় বা সড়কে দুর্ঘটনা ঘটে, পরে তো মালিকদেরই ধরে নিয়ে যাবে। এসব কারণেই সড়কে বাস চলাচল কম।”

Image
যাত্রাবাড়ীতে বাসে উঠতে মানুষের ভিড়। সোমবারের চিত্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন

যাত্রাবাড়ীতে বাসে উঠতে মানুষের ভিড়। সোমবারের চিত্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গাড়ির ফিটনেস ঠিক করতে উদ্যোগী হওয়া বাস মালিকরা সরকারের কাছে এক মাস সময় চেয়েছেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে সড়কে নিয়ম ভাঙায় সারাদেশে ১৯ হাজার ৩৬৬টি মামলা হয়েছে,  দ্বিতীয় দিনে মামলা হয়েছে ২৬ হাজার ৫৮২টি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএর সচিব মো. শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের অভিযান আগের মতোই আছে। 

“কাগজপত্র থাকলে তো রাস্তায় নামতে সমস্যা নেই। যারা নামছে তাদের কাগজপত্র ঠিক আছে বলেই মনে হচ্ছে। যাদের নেই তারা বের হচ্ছে না।

“নিশ্চয়ই কোনো ত্রুটি-বিচ্যুতি আছে। নইলে রাস্তায় না নামার তো কোনো কারণ দেখি না। তাদের চলতে তো কোনো বাধা নেই। মালিকরা অঘোষিত হরতাল করল, আবার তারাই গাড়ি চালানোর ঘোষণা দিল। এখন তারা কেন নামতেছে না সেই তথ্য আমাদের কাছে নেই।”

বাস কম, ভোগান্তিতে মানুষ

ঢাকার রাস্তায় গাড়ি কম থাকায় মঙ্গলবার সকাল থেকে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

মতিঝিল, শাহবাগ, ফার্মগেইট, মিরপুর, উত্তরা, মগবাজার, মালিবাগ, মোহাম্মদপুর, মহাখালী, গুলশান, বনানীসহ বিভিন্ন এলাকা ঘুরে গণপরিবহন পেতে মানুষের দৌড়ঝাঁপের দৃশ্য দেখা গেছে।

যাত্রীদের চাপ থাকায় বাসগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অনেকেই বাসে উঠতে না পেরে বেশি টাকা খরচ করে সওয়ার হন রিকশা, অটোরিকশায়। কোথায় কোথায় পিকআপেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

সকালে মিরপুরের কালশি থেকে গুলশান দুই নম্বরে যেত বাসের জন্য রাস্তায় ৪০ মিনিট অপেক্ষা করেন একটি নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তা শিহাবুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা বাস গেল, তাও অনেক ভিড়। উঠতে পারিনি। ২০০ টাকার সিএনজি ভাড়াও চাচ্ছে সাড়ে ৪০০ টাকা। এতটা পথ তো হেঁটে যাওয়া সম্ভব না। অফিসে যেতেও দেরি হয়ে যাচ্ছে।”

Image
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কয়েক দিন বাস বন্ধ থাকার পর সোমবার থেকে ঢাকার বাস টার্মিনালগুলো থেকে বাস চলাচল শুরু হলেও যাত্রীর সংখ্যা ছিল অনেক কম। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কয়েক দিন বাস বন্ধ থাকার পর সোমবার থেকে ঢাকার বাস টার্মিনালগুলো থেকে বাস চলাচল শুরু হলেও যাত্রীর সংখ্যা ছিল অনেক কম। ছবি: আব্দুল্লাহ আল মমীন

মিরপুর সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডেও সকালে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। বিভিন্ন রুটের বিআরটিসির বাস আসামাত্রই সেগুলোতে উঠতে হুড়োহুড়ি করছিলেন যাত্রীরা।

মিরপুর ১২ নম্বর থেকে সদরঘাটগামী বিহঙ্গ পরিবহনের চালক ইসমাইল জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেকেই গাড়ি বের করেননি।

“ছাত্রদের আন্দোলনের ভয়ে আছে এখনও অনেকে। আবার পুলিশও গাড়ি চেক করতেছে। তাই ভয়ে অনেকেই গাড়ি বের করে নাই।”  

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বিআরটিসির বাস নিয়মিত চললেও অন্যান্য রুটে বাসের সংখ্যা কম। বাড্ডার প্রগতি সরণীতে যান চলাচল ছিল সীমিত। এয়ারপোর্ট থেকে গুলিস্তান-সদরঘাট রুটের সুপ্রভাত, ভিক্টর পরিবহনগুলো এদিন আর গেইটলক থাকেনি।

মধ্যবাড্ডায় সুপ্রভাত পরিবহনের লাইনম্যান সোহাগ বলেন, “সড়কে বাস চলতাসে না। এ অবস্থায় আমরা আজকে আর সিটিং চালাইতাসি না।”

মধ্যবাড্ডা লিঙ্ক রোড এলাকায় সকাল ৯টার দিকে অফিসগামী যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে অনেকে হেঁটেই রওনা হন।

লিঙ্ক রোডে ফার্মগেইটের বাসের জন্য অপেক্ষা করছিলেন তাহমিনা হোসেন।

তিনি বলেন, “আমরা যে কতটা অসচেতনভাবে চলি, সেটা ছোট ছেলেমেয়েরা দেখিয়ে দিল। ভয়ে এখন বাসের মালিকরা গাড়ি বের করে না। আর বাস ছাড়া রিকশা বা সিএনজিতে তো অনেক খরচ। সাধারণ মানুষ পড়েছে ভোগান্তিতে।”

একই চিত্র ছিল মহাখালীর আমতলী মোড়েও। অফিসগামী যাত্রীরা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। গুলিস্তান-মতিঝিল রুটের বাসগুলোতে যাত্রীদের বাদুরঝোলা হয়ে যেতে দেখা গেছে।

সকাল সাড়ে ১০টার দিকে বিজয় সরণী ও রোকেয়া সরণীতে চলাচলকারী বাসগুলোতে যাত্রীদের প্রচণ্ড চাপ দেখা গেছে। এই রুটে চলা লেগুনাগুলোর পাদানিতেও যাত্রীদের ঝুলতে দেখা গেছে।

বেলা ১১টার দিকে আগারগাঁও থেকে ফার্মগেইট-গুলিস্তান রুটের বাসে উঠতে গিয়ে কয়েকজন যাত্রী হাতাহাতিতেও জড়িয়ে পড়েন।