ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন
রাজধানীর মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যাংক হিসাব থেকে অনুমতি ছাড়া অন্য হিসাবে টাকা সরানোর মামলায় ব্যাংক এশিয়ার এক কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে অভিযাগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার এ অনুমোদন দেয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
আসামিরা হলেন- ব্যাংক এশিয়া লিমিটেডের মতিঝিল প্রিন্সিপাল শাখার কর্মকর্তা মোশারফ হোসেন ও লক্ষ্মীপুরের ‘মেসার্স জেড এইচ চৌধুরী ট্রেডার্সের’ মালিক জাকির হোসেন চৌধুরী।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে প্রণব কুমার বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংক এশিয়ার প্রিন্সিপাল শাখার মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের হিসাব থেকে গ্রাহকের অনুমতি ছাড়াই গত ২০১৫ সালের ১৫ জুন মেসার্স জেড এইচ চৌধুরী ট্রেডার্সের হিসাবে ইলেকট্রনিক ভাউচারের মাধ্যমে পাঁচ লাখ টাকা সরিয়ে নেন।
“এরপর ১৬ ও ১৭ জুন ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক জাকির হোসেন চৌধুরীর স্বাক্ষরিত দু’টি চেকের মাধ্যমে ওই টাকা উত্তোলন করে আত্মসাত করেন।”
আত্মসাতের বিষয়টি ২০১৭ সালের ১২ মার্চ প্রকাশিত হয় জানিয়ে প্রণব বলেন, “১৩ ও ১৪ মার্চ মেসার্স জেড এইচ চৌধুরী ট্রেডার্সের হিসাবে পাঁচ লাখ টাকা জমা হয়। এরপর একই বছরের ১৫ জুন ব্যাংক কর্তৃপক্ষ ওই হিসাব থেকে সমপরিমাণ টাকা ডেবিট করে মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের হিসাবে টাকা ফেরত দেন।”
এ ঘটনায় ব্যাংক এশিয়া গত বছরের ১৬ মার্চ মতিঝিল থানায় মামলা করলে আদালতের নির্দেশে এর তদন্ত করে দুদক।
