সাংবাদিকদের গায়ে যারা হাত তুলেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: ইনু
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
নিরাপদ সড়কের দাবিতে ঢাকার ধানমণ্ডিতে আন্দোলনকারীদের সঙ্গে রোববার পুলিশের সংঘর্ষের সময় কর্তব্যরত সাংবাদিকদের ধরে ধরে পেটায় হেলমেট পরা একদল যুবক।
হামলাকারীরা ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ আসার পর তার প্রমাণ দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী ইনু বলেন, “সাংবাদিকদের উপর দুর্বৃত্তদের হামলা দুঃখজনক। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আনুষ্ঠানিকভাবে দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা চিঠি পাঠাচ্ছি।”
হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ‘মৌখিকভাবে দিয়েছেন’ বলেও জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “সরকারের নীতি অনুযায়ী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব, আমরা অবশ্যই তা করব। যারা তাদের গায়ে হাত তুলেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব।”
গণমাধ্যমকর্মীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, “এটা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য আমরা আরও সজাগ ও সতর্ক থাকব।
“আমরা হামলাকারীদের ছবি পেয়েছি, তার (স্বরাষ্ট্রমন্ত্রী) দপ্তরে তা দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোও ছবি পেয়েছে, গোয়েন্দা সংস্থা ও পুলিশ এ বিষয়ে কাজ করছে। আশা করি একটা প্রতিকার হবে।”
