‘আন্তর্জাতিকতাবাদ সাধনায় রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক’
আন্তর্জাতিকতাবাদের সাধনার সূত্রে রবীন্দ্রনাথ আজও ‘প্রাসঙ্গিক’ হয়ে রয়েছেন বলে অভিমত প্রকাশ করেছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণদিবসে সোমবার বিকালে বাংলা একাডেমিতে একক বক্তৃতানুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
সভাপতির বক্তব্যে এই ইমেরিটাস অধ্যাপক বলেন, “জাতীয়তাবাদের ঊর্ধ্বে ওঠে আন্তর্জাতিকতাবাদের সাধনার সূত্রে রবীন্দ্রনাথ আজ ও আগামীতে প্রাসঙ্গিক হয়ে রয়েছেন। তার প্রাসঙ্গিকতার বহু ক্ষেত্রের মধ্যে রয়েছে শিক্ষাভাবনা ও পল্লী পুনর্গঠন চিন্তা।
“রবীন্দ্রনাথ প্রকৃতিলগ্ন কবি ও ভাবুক কিন্তু একই সঙ্গে সভ্যতার বিকাশে প্রযুক্তির ভূমিকাকেও স্বাগত জানিয়েছেন। রবীন্দ্রনাথের রচনা এভাবে আমাদের প্রাণের বন্ধনে আবদ্ধ করে রাখে।”
এই অনুষ্ঠানে ‘আজকের বিশ্বে রবীন্দ্রসৃজনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক একক বক্তৃতা দেন নাট্যজন আতাউর রহমান।
তিনি বলেন, “রবীন্দ্রনাথ মৃত্যুকে আবিষ্কার করেছেন। তিনি বিশ্বাস করতেন মহৎ মানবাত্মার কোনো বিলয় নেই।
রবীন্দ্রনাথ ‘অচলায়তন’, ‘রক্তকরবী’, ‘রথের রশি’, ‘রাজা’ এবং ‘ডাকঘর’-এর মতো নাটকগুলোতে ‘আগল ভাঙার পালা’ রচনা করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
আতাউর রহমান বলেন, “রবীন্দ্রনাথ একদিকে যেমন কায়েমি স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ক্ষমতার মদমত্ততার বিরুদ্ধে স্বর শাণিত করেছিলেন।
“রবীন্দ্রনাথ সভ্যতার সুষমায় নারীশক্তির শুভ উদ্বোধন কামনা করেছেন। পাষাণ রাজতন্ত্রের বিপরীতে চিরায়ত হৃদয়তন্ত্রের গান গেয়েছেন। শাস্ত্রের দেবতার বাইরে গিয়ে প্রাণের দেবতার আরাধনা করেছেন তিনি।”
রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন মানুষের ক্ষমতার প্রতি আস্থাশীল ছিলেন উল্লেখ করে আতাউর রহমান বলেন, “তার জীবনের শেষ অভিভাষণেও তিনি মানুষের প্রতি শর্তহীন বিশ্বাস স্থাপন করে গেছেন।”
বক্তব্যের শেষে আতাউর রহমান বলেন, আনন্দ-বেদনায়, দুঃখে-হর্ষে, সংকটে, সংগ্রামে ও সংকল্পে রবীন্দ্রনাথ এখনও ব্যক্তি ও সমষ্টিজীবনে ‘চির প্রাসঙ্গিক’।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।
সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
২২ শ্রাবণ বাংলা সাহিত্যকে সমৃদ্ধকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিন।
