মন্ত্রী, পুলিশ আইন মানে না, নতুন আইনে কী হবে: আনু মুহাম্মদ
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে খোদ আইনের লোক আর আইনপ্রণেতাদের নিয়ম না মানার যে চিত্র বেরিয়ে এসেছে তাতে নতুন আইন করলেও কোনো ফল আদৌ হবে কি না- সেই প্রশ্ন তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়নবিরোধী শিক্ষক’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি শিক্ষার্থীদের আন্দোলনে ‘হামলার ঘটনাকে’ বর্ণনা করেছেন সরকারের ‘আত্মঘাতী ভুল’ হিসেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফাহমিদুল হকের পরিচালনায় এ সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের ওপর ‘হামলার’ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চার দফা দাবি উত্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাঈদ ফেরদৌস।
দাবিগুলো হল- শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে দ্রুত বাস্তবায়ন এবং নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ; গ্রেপ্তার ও আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি এবং শিক্ষার্থীদের নামের দায়ের করা মামলা প্রত্যাহার; চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা এবং সঙ্কট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দেশে শান্তিপূর্ণ ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ।
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর রাজধানী অচল করে টানা আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন স্কুল কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা।
তারা রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে যানবাহন ও চালকের লাইসেন্স দেখতে চাইছে। পুলিশ-বিজিবির সদস্য, আইনপ্রণেতা, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকেই তাদের কাগজপত্র দেখাতে না পেরে বিব্রতকর অবস্থায় পড়েছেন।
কোনো চালক বৈধ কাগজ দেখাতে না পারলে শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করে মামলা নিতে বাধ্য করছে। এমনকি এক পুলিশকে আরেক পুলিশের মাধ্যমে মামলা দেওয়ার ঘটনাও রাজধানীতে ঘটেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আনু মুহাম্মদ বলেন, "প্রতিবাদের এমন ভাষা হতে পারে তা আমাদের অজানা ছিল। নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা দিয়ে তারা ইতিহাস সৃষ্টি করেছে। তারা যেই নয় দফা দাবি পেশ করেছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তা মেনে নেওয়ার কথা বলা হলেও শিক্ষার্থীরা তাতে আস্থা রাখতে পারছে না। এর বড় কারণ হল, এরকম আস্থা রাখার মত কোনো কারণ বাংলাদেশে হচ্ছে না। বিভিন্ন সময়ে শিক্ষক শিক্ষার্থীদের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে- পরে বাস্তবায়ন হয়নি।"
তিনি বলেন, "কিশোর শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে সরকারের মন্ত্রী, ভিআইপি, সিআইপি। পুলিশ কর্মকর্তার লাইসেন্স নাই, মন্ত্রীর গাড়ি উল্টো পথে যাচ্ছে- এই যে ঘটনাগুলো ঘটছে প্রচলিত আইন অনুযায়ী তা কি বৈধ? প্রচলিত আইন থাকার পরেও তারা এই আইন ভঙ্গ করছেন। তাহলে নতুন আইন আসলে তাদের দিয়ে নতুন কিছু ঘটবে না এই আস্থাটা কীভাবে আসবে?"
লিখিত বক্তব্যে অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, "স্কুল-কলেজের শিক্ষার্থীদের অহিংস, শান্তিপূর্ণ, গঠনমূলক ও দৃষ্টান্তধর্মী ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন দমনে শনিবার ঢাকায় তাদের ওপর সরকার পক্ষের পেটোয়া বাহিনী যেভাবে পুলিশের সঙ্গে যৌথভাবে একতরফা ও ন্যক্কারজনক হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করেছে তা একেবারেই অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।
"এর আগে ঢাকার মিরপুরেও একই ঘটনা ঘটেছে। সরকার এসব হামলা বন্ধের ব্যবস্থা ও শিশু-কিশোরদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় না এনে উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করছে। হাসপাতাল থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে।"
কোনো ‘গুজব বা সহিংসতার ফাঁদে’ পা না দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক ফেরদৌস বলেন, "সবাই নিজ নিজ জায়গা থেকে অহিংস ও শান্তিপূর্ণ উপায়ে সরকারি দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশকে আমরা হারতে দেব না কিছুতেই।"
শিক্ষার্থীরা শুরুতে ‘আবেগ থেকে’ রাস্তায় নামলেও তাদের আন্দোলনে এখন বিএনপি-জামায়াত ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। ‘নিপীড়নবিরোধী শিক্ষকদের’ সংবাদ সম্মেলনে ক্ষমতাসীনদের এমন বক্তব্যের সমালোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, "সরকারের আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে যখনই কোনো দাবি ওঠে, তখনই সে আন্দোলনকে জামায়াত-শিবিরের আন্দোলন বলা হয়। সরকার কোন বিবেচনায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আন্দোলনকে জামায়াত-বিএনপির আন্দোলন বলতে পারে? স্কুলের যেসব শিক্ষার্থী রাস্তায় নেমেছে, কোনো বিবেকবান মানুষের পক্ষে তাদের রাজনৈতিক লেবেল লাগানো সম্ভব না।"
সরকার বিবেচনা শক্তি হারিয়ে ফেলেছে- এমন মন্তব্য করে অধ্যাপক নাসির উদ্দিন বলেন, "স্কুলের বাচ্চারা এত রাজনীতি বোঝে না, তারা আবেগ থেকে রাস্তায় নেমেছে। সরকারের বোধোদয় হওয়া উচিত।"
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গিতী আরা নাসরীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেহনুমা আহমেদ, একই বিভাগের অধ্যাপক আইনুন নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিম উদ্দিন খান, একই বিভাগের শিক্ষক আব্দুল মান্না, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের রুশাদ ফরিদী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মারজিয়া রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
