২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে স্কুলের ইউনিফর্মধারী কয়েকজন আটক

ঢাকার ধানমণ্ডিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও একদল হেলমেটধারীর সংঘর্ষের পর স্কুলের ইউনিফর্ম পরিহিত কয়েকজনকে আটক করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 10:47 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

রোববার বিকালে ল্যাবএইড হাসপাতালসংলগ্ন ফ্লাইওভার থেকে অন্তত ১০ জনকে আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

পুলিশ বলছে, যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এবং ধানমণ্ডি ২ নম্বর সড়কে দুপুরে ব্যাপক সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। ফুটপাতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেই তাড়িয়ে দেয়।

বিকাল ৪টার দিকে ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন ফ্লাইওভারের ওপর থেকে পুলিশ কয়েকজন ধরে গাড়িতে তুলে নিয়ে যায়, যাদের প্রায় সবাই স্কুল ড্রেস পরা ছিল।

কলাবাগান থানা পুলিশের গাড়িতে করে নেওয়ার সময় তারা সাংবাদিকদের বলেন, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে।

ঘটনাস্থলে থাকা এক রিকশাচালক বিডিনিউজ টোয়েন্টিপার ডটকমকে বলেন, পুলিশ ১০ জনকে ফ্লাইওভার থেকে ধরে নিয়ে গাড়ি তুলে নিয়ে যায়।

তবে তাদের নিয়ে পুলিশ দ্রুত চলে যাওয়ায় নাম পরিচয় বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তা জানা যায়নি।

এবিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ওসি ইয়াসির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এবিষয়ে কিছু বলব না। আপনি ধানমণ্ডি থানায় যোগাযোগ করেন।”

ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা শিক্ষার্থী তাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ছেড়ে দেওয়া হবে।”

অন্যদিকে রমনা থানার ওসি মশিউর রহমান জানান, শান্তিনগর এবং পরিবাগে পুলিশের উপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ছাত্রদলের ৫ জন নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।