২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে প্রাণ বাঁচানোর পথ বাতলে দিলেন মায়া

ভূমিকম্পের পর উদ্ধার হওয়ার আগের সময়টুকু টিকে থাকতে ঘরে অন্তত ২৪ ঘণ্টার জন্য শুকনা খাবার ও বিশুদ্ধ পানির মজুদ রাখতে বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 05:20 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতার ওপর রোববার এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই আহ্বান জানান।

সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেসকো, আঞ্জুমান মফিদুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা সিভিল সার্জন অফিস, পিডিবি পাঁচ দিনের এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্যবস্থাপনায় ‘উষার দুয়ারে’ নামে এই বিশেষ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। বাংলাদেশে এটিই প্রথম ভূমিকম্পের ওপর কম্পিউটারভিত্তিক প্রশিক্ষণ।

উদ্বোধনী বক্তব্যের শেষের দিকে মন্ত্রী মিলনায়তনে উপস্থিতদের প্রশ্ন করেন, “এখন যদি হঠাৎ ভূমিকম্প হলে আমাদের কী করণীয়? কারণ ভূমিকম্পে আগাম প্রস্তুতি থাকে না। এখন যদি হয়, তাহলে কী করতে হবে- সেটা জানা দরকার।

প্রশ্নের জবাব মন্ত্রী নিজেই দিয়ে দেন।

তিনি বলেন, “এই রুমে ঢোকার আগে আমাকে নাজিম সাহেব চা খাওয়ালেন, সেখানে বসে আমি চারদিকে তাকাচ্ছিলাম। এখানে কয়টা পিলার আছে? ছাদ কতটুকু উঁচু? নিচে কোনো টেবিল আছে কি-না?

“কারণ আগে নিজে বাঁচতে হবে তো। আমি কিন্তু জায়গাটা চিনে নিয়েছি। এখন ভূমিকম্প যদি হয়েই যায়, তাহলে আমি কনক্রিটের ভিমের নিচে দাঁড়িয়ে থাকব। ছোটছুটি বা দৌড়াদৌড়ি করব না। ভূমিকম্প বেশিক্ষণ স্থায়ী হয় না। কয়েক সেকেন্ড। এর মধ্যেই থেমে যায়। ডায়াসে যখন আপনাদের সাথে কথা বলছি। (ভূমিকম্প হলে) আমি কিন্তু নড়ব না। এটার (ডায়াস) নিচে ঢুকে যাব, মাথা নিচু করে। বাসায় থাকলে চেষ্টা করি, তিনটা জিনিস করার জন্য।

মায়া বলেন, “এক বালতি বিশুদ্ধ পানি রাখার জন্য। ভূমিকম্প হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। অন্ধকার ঘুটঘুটে রাত হয়ে যাবে। আমি কী করব। বালিশের নিচে ছোট একটা টর্চ লাইট রাখা দরকার। উদ্ধার কাজ করতে আসতে গেলে অন্তত ২৪ ঘণ্টা লাগতে পারে। বাংলাদেশের রাস্তাঘাটের যা অবস্থা। ২৪ ঘণ্টা বেঁচে থাকার জন্য ঘরের ভিতরে শুকনা খাবার রাখা দরকার।”

মন্ত্রী বলেন, “এক বালতি পানি, একটা টর্চ লাইট আর শুকনা খাবার যদি ঘরে থাকে….। উদ্ধার কাজে যারা যাবে তারা যেন আমাকে জীবিত অবস্থায় পায়- সেই ব্যবস্থা করা। যেখানে আমরা যাব- তাৎক্ষণিক সেখানে কোন জায়গাটা নিরাপদ, সেটা দেখে নিয়ে যদি বসি, তাহলে হয়ত আমি নিজেকে এবং পাশের লোকজনকে রক্ষা করতে পারব।”

বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং ‘উষার দুয়ারে-১’ এর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মো. মোহাম্মদ নাজিমুদ্দিন, আর্মি ওয়ার গেম সেন্টারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন।