‘পেশাদার ও পরিশুদ্ধ সাংবাদিক ছিলেন মোয়াজ্জেম হোসেন’
ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সদ্য প্রয়াত সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেনের স্মরণ সভায় এসে বাংলাদেশে অর্থনীতি বিষয়ক সাংবাদিকতার এই দিকপালকে ‘পেশাদার ও পরিশুদ্ধ সাংবাদিক’ বলেছেন বক্তারা।
শনিবার মোয়াজ্জেম হোসেন প্রতিষ্ঠিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, তিনি নৈতিকতার সাথে সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে সবসময় দায়িত্ব পালন করেছেন। আর অর্থনীতির সাংবাদিকতায় তিনি শুধু পুরোধাই ছিলেন না, ছিলেন পথিকৃৎও।
ইআরএফ দেশের অর্থনৈতিক সাংবাদিকদেও একমাত্র সংগঠন। দুই যুগ আগে মোয়াজ্জেম হোসেনসহ আরও কয়েকজনের উদ্যোগে এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা সভাপতি।
ফুসফুসের জটিলতা নিয়ে বেশ কিছু দিন রোগ ভোগের পর গত বুধবার ঢাকার একটি হাসপাতালে মারা যান মোয়াজ্জেম হোসেন।
১৯৯৩ সালে বাংলাদেশের প্রথম অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক হিসেবে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের যাত্রার শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন মোয়াজ্জেম হোসেন।
পাকিস্তান অবজারভারে যোগ দেওয়ার মাধ্যমে কাজ শুরুর পর কয়েক দশকের সাংবাদিকতা জীবনে বাংলাদেশ অবজারভার, ডেইলি স্টার, নিউ নেশন, ইউএনবি, ঢাকা কুরিয়ারে কাজ করেছেন তিনি।
মোয়াজ্জেম হোসেনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন।
ইআরএফের সদস্য এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সহকর্মীরা স্মৃতিচারণ করেন। পরে মোয়াজ্জেম হোসেনের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
স্মরণসভার শুরুতে ইআরএফ ও অর্থনৈতিক সাংবাদিকতা নিয়ে মোয়াজ্জেম হোসেনের ভাবনা নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
স্মরণসভা পরিচালনা করেন ইআরএফের সাবেক সভাপতি জাকারিয়া কাজল। সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি সাইফ ইসলাম।
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, “২৫ বছর আগে অনেকটা জোর করে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রতিষ্ঠা করেছিলেন মোয়াজ্জেম হোসেন। মাত্র ৫০ লাখ টাকা তাকে দেওয়া হয়েছিল, তাও দুই দফায়। শুরুতে আমাদের আগ্রহ ছিল না, কিন্তু তার পীড়াপীড়িতে আমরা রাজি হয়েছিলাম।
“বেহরুজ ইস্পাহানি, মঞ্জুর এলাহীসহ আরও কয়েকজনের থেকে টাকা নিয়ে শুরু করা হয়। এখন প্রায় ৪০ জন শেয়ারহোল্ডার। বাংলাদেশে একটি পত্রিকা নিজেরা চলে, আবার শেয়ারহোল্ডারদের লাভ দিচ্ছে। এর দাবিদার মোয়াজ্জেম। এটা সম্ভব হয়েছে তার দায়িত্ববোধ, পেশাদারিত্ব, সততার কারণে। মোয়াজ্জেম হোসেন ছিলেন সকল ভালো গুণের অধিকারী।”
বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, “এই যুগে সৎ থাকা সত্যিই কঠিন কাজ। কিন্তু মোয়াজ্জেম হোসেন সততার সঙ্গে জীবন পার করে গেছেনর্য
বক্তারা বলেন, মোয়াজ্জেম হোসেন সকল অবস্থায় নিজের স্বার্থ ত্যাগ করে প্রতিষ্ঠান দাঁড় করানোর কাজ করেছেন। তিনি দরিদ্র মানুষদের কিভাবে দারিদ্র্যমুক্ত করা যায় তার লেখনীর মাধ্যমে সরকারকে পরামর্শ দিয়েছেন। অর্থ, কৃতি, স্বচ্ছলতা তাকে তাড়িত করেনি। তার ভেতরে মানুষের কল্যাণের অন্যরকম তাড়না ছিল।
স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইআরএফের সদস্য এরশাদ মজুমদার, বদিউল আলম, কামরুল ইসলাম চৌধুরী, কাশেম হুমায়ুন, সাজ্জাদুর রহমান, সাজ্জাদ আলম খান তপু, আশিকুন নবী চৌধুরী ও ফারুক আহমেদ।
এছাড়া ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্টার মোফাজ্জল হোসেন ও আরাফাত আরা তার স্মৃতিচারণ করেন।
