২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রভাবশালীদের অযাচিত প্রভাব এনজিও কার্যক্রমে: টিআইবি

দশ বছরে এনজিও খাতে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2018, 11:22 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

এনজিও সনদ সংগ্রহ এবং কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক প্রভাবশালীদের একাংশ ‘অযাচিত প্রভাব বিস্তার, হয়রানি ও হস্তক্ষেপ’ করে বলে অভিযোগ এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক প্রতিবেদনে।

বৃহস্পতিবার ‘বৈদেশিক অর্থায়নে পরিচালিত এনজিও খাত: সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।

রাজধানীর মাইডাস সেন্টারে ওই প্রতিবেদন প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জমান বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে সরকারি-বেসরকারি খাতের পাশাপাশি এনজিওখাত ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ভূমিকা পালন করে আসছে।

“রাষ্ট্রীয় স্বীকৃতি ও অবদানের পরও এনজিও নিয়ে বৈরি সম্পর্ক দেখা যায়।এর মধ্যে সমন্বয়ক সংস্থা এনজিও বিষয়ক ব্যুরোকে নিয়ন্ত্রক সংস্থা রূপে দেখা যায়।”

তিনি বলেন, বিদেশি অর্থায়নে পরিচালিত এসব এসব সংস্থা দেশেরই প্রতিষ্ঠান। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক ও আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে এনজিওগুলোকে কাজ করতে হয়।

“সার্বিক অবস্থায় এনজিও খাতে অভ্যন্তরীণ বিভিন্ন ব্যবস্থা ও প্রক্রিয়ায় সুশাসনের ঘাটতি পরিলক্ষিত ছিল। ২০০৭ সালের পর এ অবস্থার ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে সুশাসনের চ্যালেঞ্জ এখনও বিদ্যমান।”

প্রতিবেদনে বলা হয়- এনজিও ব্যুরো, উন্নয়ন সহযোগী সংস্থার দেশি কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের একাংশের বিরুদ্ধে এনজিওগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

“স্থানীয় ক্ষমতাশালী, বিশেষ করে রাজনৈতিকভাবে প্রভাবশালীদের একাংশের বিরুদ্ধে মাঠ পর্যায়ে  এনজিও কার্যক্রমে অযাচিত প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের অভিযোগ; জেলা-উপজেলা প্রশাসনের একাংশের বিরুদ্ধে বিভিন্ন দিবস উদযাপনের নামে নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ; জেলা প্রশাসনের একাংশের বিরুদ্ধে জেলা পর্যায় থেকে সনদ সংগ্রহের সময় অবৈধ অর্থ দাবি ও হয়রানির অভিযোগ রয়েছে।”

এনজিও বিষয়ক ব্যুরো ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তা-কর্মচাদেরেএকাংশের বিরুদ্ধে নিবন্ধন, প্রকল্প বাস্তায়ন অনুমোদন, হয়রানি ও অর্থ দাবির অভিযোগের কথাও প্রতিবেদনে বলা হয়।

টিআইবি বলছে, প্রকল্প অনুমোদন ও তত্ত্বাবধানে অন্য এলাকার চেয়ে পার্বত্য এলাকায় বেশি হয়রানি ও অবৈধ অর্থের লেনদেন হয়।

বর্তমানে এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও আছে ২৬৫২টি। দীর্ঘসময় নবায়ন না করায় ৪৮০টি এনজিওর নিবন্ধন বাতিল রয়েছে। 

নিবন্ধিত এনজিওগুলোর মধ্যে মাত্র ৪৮টির ওপর সমীক্ষা চালিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে টিআইবি, যার মধ্যে ২৪টি জাতীয়, নয়টি আন্তর্জাতিক এবং ১৫টি স্থানীয় এনজিও।

২০০৭ ও ২০১৬ সালের পর এনজিও খাত নিয়ে এবার তৃতীয় দফা প্রতিবেদন দিল টিআইবি।এনজিও খাতে ‘নিজেদের সংস্থা’ সম্পৃক্ত থাকায় এ প্রতিবেদন তৈরিতে বিশেষ সচেতনতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেন টিআইবির নির্বাহী পরিচালক।

তিনি বলেন, “সার্বিক অনিয়মের বিষয়ে গুণগত পর্যবেক্ষণ তুলে ধরেছি। অবৈধ অর্থ আদায়, প্রভাব বিস্তার, হয়রানি বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একগুচ্ছ সুপারিশও তুলে ধরেছি; যা সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেব।”

অন্যদের মধ্যে অধ্যাপক সুমাইয়া খায়ের, মোহাম্মদ রফিকুল হাসান এবং গবেষণায় সংশ্লিষ্ট এ এস এম জুয়েল, নিহার রঞ্জন রায়, মোস্তফা কামাল ও নাজমুল হুদা মিনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।