আন্দোলনরত শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুন: সেইভ দ্য চিলড্রেন
নিরাপদ সড়কের দাবিতে সড়কে আন্দোলনরত স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অনুরোধ জানিয়েছে সেইভ দ্য চিলড্রেন।
শিশু অধিকার নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, একটি শিশুও যেন আঘাত কিংবা ক্ষতির সম্মুখীন না হয়।
সরকারের সব ধরনের কার্যক্রমে শিশুদের ‘সর্বোত্তম স্বার্থ’ বিবেচনা করতেও অনুরোধ করেছে সেইভ দ্য চিলড্রেন।
শিশুদের প্রাপ্য মর্যাদা ও সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ‘মনোভাব উন্নয়নে’ যথাযথ ব্যবস্থা নিতেও সরকারকে অনুরোধ জানিয়েছে তারা।
বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটছে।
মিরপুর ১৪ নম্বর সেকশনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চড়াও হয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে লাঠিহাতে একদল যুবককেও দেখা যায়।
“শোকাহত ও আবেগতাড়িত হয়ে শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে এসেছে প্রতিবাদ জানাতে। তবে, এই আন্দোলন তাদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এক্ষেত্রে সরকারের দায়িত্ব হল তাদের সহিংসতা থেকে রক্ষা করার, যতক্ষণ তারা অধিকার আদায়ের দাবিতে লড়ছে।”
শিশুরা যখন সড়কে, যানবাহনে শৃঙ্খলা আনতে নয় দফা দাবি উত্থাপন করেছে, তখন সরকারের এই দাবিগুলো মেনে নেওয়া ‘উচিৎ’ বলে মনে করে সেইভ দ্য চিলড্রেন।
দোষী গাড়িচালককে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিও জানিয়েছে তারা।
