২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার সময় বড়পুকুরিয়ায় দুর্নীতি হয়নি: আওরঙ্গজেব

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক এসএম নুরুল আওরঙ্গজেব কোম্পানিটিতে পাঁচ মাস দায়িত্ব পালন করেছেন দাবি করে বলেছেন, তার সময় খনিতে কোনো দুর্নীতি হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 08:50 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

জালিয়াতির মাধ্যমে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে এক লাখ ১৬ হাজার মেট্রিক টন কয়লা খোলাবাজারে বিক্রি করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

দুদকের উপ-পরিচালক শামসুল আলমের নেতৃত্বে একটি দল তাকে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদ শেষে আওরঙ্গজেব সাংবাদিকদের বলেন, “সম্প্রতি কয়লা খনির দুর্নীতির বিষয় নিয়ে দুদক আমাকে ডেকেছিল। আমার কাছে জানতে চেয়েছিল, কিভাবে কয়লা প্রোডাক্ট হয়, কোথায় যায়। এসব বিষয়সহ অন্যান্য বিষয়ে তথ্য জানতে চেয়েছিল।”


তিনি বলেন, “আমি ২০১৫ সালের ৪ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করি। এই অল্প সময়ে এমন কোনো ঘটনা ঘটেনি।”

তবে দুদকের জিজ্ঞাসাবাদকে তদন্তাধীন বিষয় উল্লেখ করে আর কোনো কথা বলতে চাননি।

প্রায় দেড় লাখ টন কয়লা কেলেঙ্কারির ঘটনায় বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ১৯ জনকে আসামি করে গত মঙ্গলবার দুর্নীতি দমন আইনে অভিযোগ দায়ের করে খনি কর্তৃপক্ষ।

ওই ১৯ আসামির মধ্যে আওরঙ্গজেবের নাম না থাকলেও পেট্রোবাংলার পক্ষ থেকে কয়লা কেলেঙ্কারির যে প্রাথমিক তদন্ত করা হয়েছে, সেখানে আওরঙ্গজেবসহ খনির একাধিক সাবেক ব্যবস্থাপনা পরিচালকের নাম এসেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।  

তাদের মধ্যে আওরঙ্গজেব হজে যাওয়ার জন্য ৩০ জুলাই থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নেন। সোমবার তার ফ্লাইট থাকলেও যাত্রা বাতিল করা হয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান পার্বতীপুর মডেল থানায় ১৯ জনকে আসামি করে যে অভিযোগ দায়ের করেছেন, সেখানে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা খোলা বাজারে বিক্রি করে ২৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আর্জিতে বলা হয়েছে, খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ, কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়া, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নূর-উজ-জামান চৌধুরী ও উপ-মহাব্যবস্থাপক (স্টোর) একেএম খালেদুল ইসলামসহ খনির ব্যবস্থাপনায় জড়িত অপর আসামিরা ওই কয়লা চুরির ঘটনায় জড়িত।

অন্য যাদের আসামি করা হয়েছে তারা প্রত্যেকেই ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তা।