গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
প্রযুক্তির অপব্যবহার রোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে গণমাধ্যম ক্রমশ বিকশিত হচ্ছে। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতাও বাড়াতে হবে।
তিনি বলেন, “প্রযুক্তি এখন আমাদের নিত্য সঙ্গী। গণমাধ্যমের কাজে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এর অপব্যবহার রোধে এগিয়ে আসতে হবে।”
ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম এসময় ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের সংগঠনটির সার্বিক কার্যক্রম এবং সাংবাদিকদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদেক্ষপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিনিধি দল ডিআরইউর বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
ডিআরইউ সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “সাক্ষাতের সময় তারা নারী সাংবাদিকদের বিভিন্ন প্রতিবন্ধকতা ও কর্মক্ষেত্রে বৈষ্যমের কথা তুলে ধরেন। এসময় বৈষম্য দূর করতে রাষ্ট্রপতির সহযোগিতা চান।”
রাষ্ট্রপতি এসময় বলেন, নারীর ক্ষমতায়নে সাংবাদিক, বিশেষ করে নারী সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নারীর ক্ষমতায়ন আরও সুদৃঢ় করতে তরুণ প্রজন্ম যাতে সাংবাদিকতা পেশায় এগিয়ে আসে সেলক্ষ্যে তাদেরকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমাসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিইউপি উপাচার্যের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী।
বুধবার বিকালে বিইউপি উপাচার্য বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অগ্রগতি ও সমস্যা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
উপাচার্য এমদাদ উল বারী জানান, স্থানের অভাবে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু করা যাচ্ছে না।
তিনি এসব সমস্যা সমাধানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদের সহযোগতিা কামনা করেন বলে জানান প্রেস সচিব।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার মানোয়ন্ননে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। এছাড়া গবেষণা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি এর মান যাতে উন্নত হয় তা নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
