২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওকালতনামা দিয়েও নেই খালেদার আইনজীবীরা, আদালতের উষ্মা

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে খালেদার জিয়ার আপিল শুনানিতে তার ২৫ আইনজীবী ওকালতনামা জমা দিয়েও উপস্থিত না থাকায় উষ্মা প্রকাশ করেছে আদালত।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 06:04 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

এ মামলার কারণে অন্যান্য মামলা কার্যতালিকায় আনা সম্ভব না হওয়ায় বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছে অসন্তুষ্ট আদালত।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চে এই শুনানির দিন ছিল। আদালত পরে আগামী ৮ অগাস্ট পর্যন্ত শুনানি মূলতবি করে।

আদালতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

পরে ইউসুফ মাহমুদ মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “মামলাটি কার্যতালিকায় আসার পর থেকেই উনারা (খালেদা জিয়ার আইনজীবীরা) নানা কারণে কালক্ষেপনণ করছেন।

‘একেকদিন একেকটা’ কারণ দেখিয়ে কালক্ষেপণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “মঙ্গলবারও মামলাটি কার্যতালিকায় ছিল। কিন্তু অন্য কোর্টে মামলা থাকার ব্যস্ততা দেখিয়ে শুনানি করেননি। পরে দেখা গেল ঘুরে ফিরে তারা আবার এই কোর্টেই এসেছেন। তখন কোর্ট জিজ্ঞেস করল, আপনাদের না ব্যস্ততা আছে?

“তখন কিছু বলতে পারেননি আইনজীবীরা। উনাদের আবেদনের প্রেক্ষিতেই আজ শুনানির জন্য নির্ধারণ করা হয়েছিল এবং কার্যতালিকার এক নম্বরে ছিল।”

সহকারী এ আইন কর্মকর্তা বলেন, “আজ কোর্ট বসার পর খালেদা জিয়ার দুইজন আইনজীবী এসে বললেন, পাসওভার (কিছু সময়ের জন্য মূলতবি) চাই। তখন কোর্ট বললেন যে, কোনো পাসওভার দেওয়া হবে না, আজকেই শুনানি হবে।

“কোর্ট তখন এক নম্বর আইটেমটা (মামলা) রেখে কার্যতালিকার ৮৯টি আইটেম শোনার পর এক নম্বর আইটেম (খালেদা জিয়ার আপিল) কল করলেন। কিন্তু সে সময় উনাদের (খালেদার আইনজীবীদের) কাউকে পাওয়া যায়নি।”

তিনি বলেন, “আদালত মামলার নথি নিয়ে দেখতে পায়, খালেদা জিয়ার পক্ষে ২৫ জন আইনজীবী এ মামলাটি পরিচালনার জন্য ওকালতনামা জমা দিলেও শুনানি করতে একজনও ছিলেন না।

“তখন কোর্ট খুব অসন্তুষ্টি, উষ্মা প্রকাশ করে বলেছেন, এ মামলার কারণে অন্যান্য মামলা কার্যতালিকায় আনা যাচ্ছে না, যার কারণে বিচারপ্রার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন,  “যেহেতু এটা বড় মামলা, শুনানিতে সারাদিন লেগে যায়। যে কারণে কার্যতালিকায় কম মামলা নেওয়া হয়। তাছাড়া আপিল বিভাগের নির্দেশনা আছে ৩১ অক্টোবরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার জন্য। আবার ক’দিন পরে কোর্ট এক-দেড় মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে খালেদার আইনজীবী কায়সার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ এই মামলাটি কার্যতালিকার এক নম্বরে ছিল। কোর্ট বসার পর অন্য সময় শুনানির জন্য পাসওভার চাইলে কোর্ট তা গ্রহণ করেননি।

“পরে কোর্ট কী আদেশ দিয়েছে আমি জানি না। ৮ অগাস্ট পর্যন্ত মূলতবি করে থাকলে সেটা আমাদের অনুপস্থিতিতে সে আদেশ দিয়েছে।”     

এদিকে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে হাই কোর্টে বিএনপি চেয়ারপারসনের আপিল নিষ্পত্তির জন্য আরও তিন মাস সময় দিয়েছে সর্বোচ্চ আদালত।  

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দিয়ে বলেছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে হাই কোর্টে এ মামলার আপিল নিষ্পত্তি করতে হবে।   

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রেখে আপিল বিভাগ গত ১৬ মে তার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে হাই কোর্টে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল।

আপিল বিভাগের ওই আদেশের পুনর্বিবেচনা চেয়ে গত ২৭ জুন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

তাদের বক্তব্য শুনে গত ৯ জুলাই আদেশ দেয় আপিল বিভাগ। সেখানে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি না হলে তখন সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।

এর প্রেক্ষিতেই ২৬ জুলাই চেম্বার আদালতে সময় বৃদ্ধির আবেদন করেন খালেদার আইনজীবীরা। পরে চেম্বার আদালত ২৯ জুলাই আবেদনটি শুনানির জন্য আপিলের নিয়মিত বেঞ্চে পাঠায়।

বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা এ মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান।

সেই সঙ্গে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয় রায়ে।

ছয় আসামির মধ্যে খালেদা জিয়াসহ তিনজন কারাবন্দি। খালেদা জিয়া ছাড়া বাকি দুই জন হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

আর পলাতক রয়েছেন তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

পুরনো খবর:

খালেদার জামিন আবেদনের শুনানিতে উত্তপ্ত আদালত
এতিমখানা দুর্নীতি: খালেদার আপিল নিষ্পত্তির জন্য আরও ৩ মাস