২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জামিন আবেদনের শুনানিতে উত্তপ্ত আদালত

মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের তুমুল তর্কাতর্কি ও হইচইয়ে উত্তাপ ছড়াল ঢাকার আদালতে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2018, 05:53 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে এই ঘটনা ঘটে। পরে তিনি মামলা দুটিতে বিএনপি চেয়ারপারসনকে জামিন দেন।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে সাড়ে ৫ মাস ধরে কারাবন্দি খালেদার মুক্তি এই জামিন আদেশে মিলবে না। অন্য সব মামলায় জামিন হলেই কেবল তার মুক্তির পথ খুলবে।

ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির দুই মামলায় খালেদার জামিন আবেদনের শুনানি হয় ইমরুল কায়েসের আদালতে।

জামিনের পক্ষে শুনানি করেন খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন শাহ আলম তালুকদার।

শুনানি নিয়ে বিচারক বেলা ২টার দিকে আদেশ দেবেন জানানোর পর বিএনপির আইনজীবীরা প্রতিবাদ জানাতে থাকেন।

এজলাসে উপস্থিত আইনজীবী মো. শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনানির সময়ও দুই পক্ষের আইনজীবীদের বাদানুবাদ চলছিল। বিচারক পরে আদেশ দেবেন জানালে এজলাস উত্তপ্ত হয়ে ওঠে।”

খালেদার আইনজীবীরা তাৎক্ষণিকভাবে আদেশ দেওয়ার দাবি জানিয়ে হৈ চৈ শুরু করেন।

পরে বিচারক জামিনের আদেশ দিয়ে বলেন, “জামিনযোগ্য ধারা বিধায় জামিন দিলাম। কিছু অবজারভেশন থাকবে, যেটি পরে লিখিত আদেশে উল্লেখ করব।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গত ৫ জুলাই ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম মানহানির ভুয়া জন্মদিন পালনের মামলায় এবং মহানগর হাকিম আহসান হাবীব যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মামলায় জামিন নামঞ্জুর করেন।

ওই আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিনের আবেদন করা হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ অগাস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদার বিরুদ্ধে একটি মামলা করেন। এই মামলায় ওই বছরই খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

অন্য মামলাটি হয় ২০১৬ সালের ৩ নভেম্বর, তা দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে মামলাটি করেন তিনি।

ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম তেজগাঁও থানার ওসিকে মামলাটি তদন্তের নির্দেশ সেদিনই দিয়েছিলেন। গত বছরের ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মশিউর রহমান প্রতিবেদন দাখিল করলে তা আমলে নিয়ে খালেদাকে আদালতে হাজির হতে সমন জারি করে আদালত।

দাতব্য ট্রাস্ট মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধি

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ৭ অগাস্ট পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।

খালেদার অনুপস্থিতিতে এ আদেশ দিয়ে তিনি ৭ অগাস্ট যুক্তিতর্ক শুনানির দিন রেখেছেন।

এদিন আদালত ঘিরে জলকামান এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখা গেলেও কারাগার থেকে আদালতে আনা হয়নি বিএনপি চেয়ারপারসনকে।

আগের মতোই কারাগারের পরোয়ানায় উল্লেখ ছিল, খালেদা জিয়া অসুস্থ।

খালেদার আইনজীবী নূরুজ্জামান তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসুস্থ বলে উনাকে (খালেদা) আদালতে আনা হয়নি।”

তবে রাষ্ট্রপক্ষে দুদকের প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বলেন, “বেগম খালেদা জিয়া ইচ্ছা করে নিজ থেকেই আদালতে আসেননি।”

জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় মামলাটি করেছিল দুদক।

২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ আদালতে অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।