২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শনির আখড়ায় ছাত্রকে চাপা দিয়ে পালালো পিকআপ

নিরাপদ সড়কের দাবিতে রাজপথে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করার সময় এক ছাত্রকে চাপা দিয়ে পালিয়েছে একটি পিকআপ ভ্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 05:19 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির শনির আখড়ায় দনিয়া কলেজের সামনের এ ঘটনা ঘটে।

যার ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে। 

আহত ফয়সাল মাহমুদ নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তাকে প্রথমে সিদ্ধিরগঞ্জের সাইন বোর্ড এলাকার প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক এটিএম বাহার উদ্দিন জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী তিতুমীর কলেজের শিক্ষার্থী সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টা থেকেই থেকেই শনির আখড়ার দনিয়া কলেজের শিক্ষার্থীরা রাস্তা আটকে যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করছিল। পিক-আপ ভ্যানটি আসার আগেও একটি বাসের চালকের লাইসেন্স পরীক্ষা করে ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

“ছাত্ররা থামতে বললেও পিক-আপটির চালক গাড়ি চালিয়ে নিতে থাকে। এসময় উত্তেজিত এক ছাত্র হাতে লাঠি নিয়ে পিক-আপের সামনে চলে আসে, সেসময় চালক গাড়ি না থামিয়ে ছাত্রের উপর দিয়ে চালিয়ে চলে যায়।”

ভাইরাল হওয়া ভিডিওটিতেও দেখা যায়, শিক্ষার্থীরা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখার জন্য পিকআপটিকে থামানোর চেষ্টা করে। পিক আপটি থামানোর চেষ্টায় পাদানির ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা যায় এক শিক্ষার্থীকে। আরেক শিক্ষার্থী লাঠি নিয়ে পিকআপটির সামনে মাঝ বরাবরা এসে দাঁড়িয়ে সেটি থামাতে চায়। কিন্তু পিকআপটি না থামিয়ে চলে যায় শিক্ষার্থীর ওপর দিয়ে।

তবে হাসপাতালে ফয়সাল সাংবাদিকদের জানান, রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি পিকআপের ধাক্কায় তিনি আহত হন।

তিনি বলেন, “সকাল ৮টায় কদমতলীর বাসা থেকে কলেজের উদ্দেশে শনির আখড়ায় আসেন। শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করার সময় ওই জায়গা দিয়েই রাস্তা পার হচ্ছিলাম।

“এসময় পেছনে থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলি।”

চিকিৎসকরা জানিয়েছেন, তার কোমরে, বাঁ পায়ে এবং ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে; তবে শঙ্কামুক্ত। ৬/৭ সপ্তাহ বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবে।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. রিয়াসাদ আজিম বলেন, কয়েকজন যুবক ফয়সালকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে একটি পিকআপ ভ্যান চাপা দেয়।

“তার কোমরের জয়েন্ট ও বাঁ পায়ের হাঁটুর নিচে ফ্র্যাকচার হয়েছে, যা এক্সরে ও আলট্রাসনোগ্রামে ধরা পড়েছে।”

হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক এটিএম বাহার উদ্দিন বলেন, তার কোমর, বাঁ পা এবং ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। সেরে উঠতে কমপক্ষে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে।

অর্থপেডিক, মেডিসিন, নিউরোলজি এবং ইউরোলজিসহ কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হয় বলে জানান এ চিকিৎসক।

এ বিষয়ে তখন যাত্রাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বিভিন্ন হাসপাতালে খোঁজ-খবর নিচ্ছেন। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

পুরনো খবর:

নারায়ণগঞ্জে স্কুলছাত্রকে পিটিয়ে পুলিশে দিল শ্রমিকরা