২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদের প্রতিশ্রুতি, ক্লাসে ফেরার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে চার দিন ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 03:47 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানী অচল হয়ে যাওয়ার প্রেক্ষাপটে বুধবার সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বান আসে।

তিনি বলেন, “ছাত্রছাত্রীদের আহ্বান করব, তোমাদের এই সমবেদনা সারা দেশেব্যাপী এই মেসেজটা পৌঁছেছে, আমরাও ব্যথিত। আমরা অনুরোধ করব, তোমাদের দাবি সবই মানা হয়েছে এবং যারা ঘাতক, অন্যায় করেছে, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি যাতে পায় সেই ব্যবস্থাও আমরা করছি।

“অভিভাবক, শিক্ষক যারা আছেন, তাদের বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের অনুরোধ করুন, তারা যেন ক্লাসরুমে ফিরে আসে।”

“অভিভাবক ও শিক্ষকদের অনুরোধ করব, আপনারা আপনাদের ছাত্রদেরকে অনুরোধ করুন, তারা যেন ক্লাসে ফিরে আসে। কারণ এতে হচ্ছে কি, জনদুর্ভোগ বাড়ছে, সারা শহর অচল হয়ে যাচ্ছে, এটা কারো কাম্য না। যারা অবরোধ করছেন তারও কাম্য নয়, আমরা যারা রাস্তায় চলাচল করছি তাদেরও কাম্য নয়। প্রিয় ছাত্রছাত্রী ভায়েরা এই অবরোধ তুলে নেবেন।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে ‘কোমলমতি’ শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করছে, তারাও ভাঙচুরের পক্ষে নয়। কিন্তু গত চার দিনে মোট ৩০৯টি গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে, আটটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

আর এজন্য ‘একটি স্বার্থান্বেষী মহলকে’ দায়ী করেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খাঁন কামাল।

“অবরোধ করছে এই সুযোগে স্বার্থন্বেষী মহল ভাংচুর, গাড়ি পোড়ানোর মত কাজগুলো করছে। অনুরোধ করব প্রিয় ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেবেন এবং তারা আবারো ক্লাসে আসবেন, পড়াশোনায় মনযোগী হবে। জোর গলায় বলছি, দোষীরা সর্বোচ্চ শাস্তি যাতে পায় সেই ব্যবস্থা করব। আমরা সরকার ব্যবস্থা নেব।”

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, সরকার ব্যবস্থা নেবে। পর্যায়ক্রমে আমরা সবগুলো ব্যবস্থা নেব। আমরা কোনোক্রমেই লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন রোড পারমিটবিহীনি যানবাহন চলতে দেব না।”

রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর গত চার দিন ধরেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নয় দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ চালিয়ে আসছে।

তাদের দাবিগুলো হল- ১. বেপরোয়া চালককে ফাঁসি দিতে হবে এবং এই শাস্তি সংবিধানে সংযোজন করতে হবে। ২. নৌপরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ৩. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা নিতে হবে। ৪. প্রত্যেক সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিড ব্রেকার দিতে হবে। ৫. সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে। ৬. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের বাসে তুলতে হবে। ৭. শুধু ঢাকা নয়, সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে। ৮. রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধ করতে হবে। ৯. বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চালকের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে গাড়ির ফিটনেস ও রেজিস্ট্রেশন আছে কি না- গন্তব্যে গাড়ি ছাড়ার আগে সেসব পরীক্ষা করতে টার্মিনালগুলোতে স্টার্টিং পয়েন্ট করবে সরকার।

“এ সমস্ত জিনিসগুলো মালিক সমিতি, শ্রমিক সমিতি পরীক্ষা করবে। প্রয়োজনে প্রশাসনের লোক থাকবে। গাড়ি যখন বের হবে তারা চেক করবে। ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ঠিকমত আছে কি না। চেক করার পর ফিট হলে গাড়িটা টার্মিনাল থেকে বের হতে পারবে, নইলে বের হতে পারবে না। নিরাপত্তা বাহিনী রাস্তায় থাকবে, চ্যালেঞ্জ করবে, এসব না দিতে পারলে সেখানেই তার ব্যবস্থা হবে।”

এছাড়া চালক ও পরিবহন শ্রমিকদের সচেতন করে তুলতে পরিবহন মালিক সমিতিকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা বিভিন্ন টার্মিনালে এ বিষয়ে ব্যবস্থা নেবে।

“আমরা দেখেছি চালক বা বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধ প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়। সেগুলো পর্যায়ক্রমে দেখব, সুষ্ঠু পরিবিশে সৃষ্টি করার জন্য।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভরত ছাত্রছাত্রীদের মত সরকারও দুঃখিত। সড়কের নিরাপত্তা নিশ্চিত করার যে দাবিগুলো শিক্ষার্থীরা জানাচ্ছে, সেগুলো ‘সঠিক ও যৌক্তিক’ বলেই সরকার মনে করে। এ কারণে সরকার সেগুলো ‘আমলে’ নিয়ে বাস্তবায়নেরও উদ্যোগ নিয়েছে।

দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন জানিয়ে কামাল বলেন, “তিনি নির্দেশনা দিয়েছিলেন- যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।

“গাড়ির চালক ও তাদের সহকারীদের গ্রেপ্তার করেছি, গাড়িগুলো জব্দ করা হয়েছে। বিচারক তাদের সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। জাবালে নূর গাড়ির রেজিস্ট্রেশন, রোড পারমিট বাতিল করে দিয়েছি। আইন অনুযায়ী যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরকারের এই বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ছাড়াও নৌমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমানরাঙ্গাঁ এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আওয়মী লীগ নেতা শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। আর জাতীয় পার্টির নেতা রাঙ্গা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি। 

তাদের ‘মদদ’ পেয়েই পরিবহন শ্রমিকরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এবং দেশের মোট চালকের অর্ধেক লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছে বলে জনসাধারণের মধ্যে অভিযোগ রয়েছে। তবে তারা বরাবরই তা অস্বীকার করে এসেছেন।

বুধবার পুরো ঢাকায় যখন শিক্ষার্থীদের বিক্ষোভ চলেছে, নারায়ণগঞ্জের পরিবহন শ্রমিকরা তখন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে সড়ক অবরোধ করে রাখে ছয় ঘণ্টা। সেখানে এক স্কুলছাত্রকে মারধরও করা হয়।

ওই ঘটনার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একজন সাংবাদিক প্রশ্ন করেন- কাদের উসকানিতে পরিবহন শ্রমিকরা পথে নেমেছেন?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেখুন, আমরা যে কোনো অবরোধকারীদের বলছি যার যার অবস্থানে ফিরে যাওয়ার জন্য। এখানে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা আমাকে স্পষ্ট জানিয়েছেন, তারা কোনোক্রমেই ছাত্রদের সঙ্গে সংঘর্ষে যাবেন না।

“দীর্ঘ সময় অবরোধ থাকলে ভুল বোঝাবুঝি হতে পারে। স্বার্থান্বেষী মহল এটাকে অন্যদিকে ডাইভার্ট করতেই পারে। সেজন্য আমি বিশেষ অনুরোধ রাখব, আমাদের ছাত্র-ছাত্রীরা যাতে অনুরোধটা রাখে, তারা যাতে ফিরে যায়।”

শাজাহান খান শ্রমিক সংগঠনের নেতৃত্ব থাকায় এবং মশিউর রহমান রাঙ্গা পরিবহন মালিক সংগঠনের নেতৃত্ব দেন বলেই তাদের এ সভায় ডাকা হয়েছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এই সভা থেকে শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ার কথা বলা হলেও দেশের পরিবহন খাতের দীর্ঘদিনের সমস্যা অল্প সময়ে শেষ করা সম্ভব কি না- সে প্রশ্নও রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে।

জবাবে তিনি বলেন, “যথার্থই বলেছেন, আমাদের ইনটেনশন হল যাতে দুর্ঘটনাগুলো না ঘটে। আমাদের ইনটেনশন হল আইন যাতে মেনে চলে, ট্রাফিক আইন যাতে মেনে চলে সবাই, সেজন্য সবার সহযোগিতা চাইছি।”

অনেক প্রভাবশালী গাড়ি ব্যবসায় জড়িত থাকায় অনেক সময় পুলিশ ব্যবস্থা নিতে পারে না- এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে কামাল বলেন, “আইন সবার জন্য সমান। কারো ফোন পেয়ে প্রশাসনের লোকজন ছেড়ে দিচ্ছে এরকম ঘটনা আজকাল ঘটে না। আপনারা যেগুলো দেখছেন সেগুলো হয়ত আগের।”

বেপরোয়া চালনায় কেউ নিহত হলে তা নতুন সড়ক পরিবহন আইনে হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হবে কি না- এমন প্রশ্নে শাজাহান খান বলেন, “আইনের সঠিক প্রয়োগ হলে পরিবহন সেক্টরের অনেক অনিয়ম দূর হয়ে যাবে। আমরা পরিবহন সেক্টরের অনিয়ম দেখতে চাই না।

“কোনটা হত্যা, কোনটা দুর্ঘটনা এটা নির্দিষ্ট করা আছে আইনে। যেটা হত্যা সেটা হত্যা, যেটা দুর্ঘটনা সেটা দুর্ঘটনা, সেটা আইনে নির্ধারিত হবে।”